May 1, 2026
রাজ্য

গণনার আগে কড়া নিরাপত্তা, কলকাতার সাত কেন্দ্রে ১৬৩ ধারা জারি

ভোটগণনার আগে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল প্রশাসন। কলকাতার সাতটি গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করার কথা জানাল কলকাতা পুলিশ। সোমবার ভোর ৫টা থেকে এই নির্দেশ কার্যকর হবে। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট এলাকার মধ্যে পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত বেআইনি বলে গণ্য হবে। কোনও মিছিল, সমাবেশ বা বিক্ষোভ করা যাবে না। নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুধু কলকাতা নয়, রাজ্যের অন্যান্য গণনাকেন্দ্রেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন অনুযায়ী সেখানেও ১৬৩ ধারা জারি হতে পারে বলে সূত্রের খবর। গণনাকেন্দ্রগুলিকে ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যৌথভাবে দায়িত্বে রয়েছে। কমিশনের তরফে প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি স্ট্রংরুম পাহারার জন্য অন্তত ২৪ জন জওয়ান রাখা হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। তার আগে স্ট্রংরুম থেকে ইভিএম ও ভিভিপ্যাট গণনাকক্ষে আনা হবে। সিল ও ট্যাগ পরীক্ষা করে প্রার্থী বা এজেন্টদের উপস্থিতিতে গণনা শুরু হবে।

কলকাতার সাতটি গণনাকেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, হেস্টিংস হাউস কমপ্লেক্স, যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, ডায়মন্ড হারবার রোডের সেন্ট টমাস বয়েজ় স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বাবা সাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটি।

নিরাপত্তার খাতিরে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না। তল্লাশির পরেই প্রবেশের অনুমতি মিলবে। মোবাইল বা অন্য কোনও নিষিদ্ধ বস্তু ভিতরে নিয়ে যাওয়া যাবে না। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গণনার সময় কোনও বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি পদক্ষেপে নজরদারি চালানো হবে।

Related posts

Leave a Comment