36.8 C
Kolkata
June 21, 2026
রাজ্য

পুনর্নির্বাচনকে স্বাগত বিজেপির, আরও বুথে ভোটের দাবি দক্ষিণ ২৪ পরগনায়

সংবাদ কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি। তবে শুধু ১৫টি বুথ নয়, আরও বেশি বুথে ভোটগ্রহণের দাবি তুলেছেন দলের প্রার্থীরা।

নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ১৫টি বুথে পুনর্নির্বাচন হবে। এর মধ্যে মগরাহাট পশ্চিমে ১১টি এবং ডায়মন্ড হারবারে ৪টি বুথ রয়েছে। দ্বিতীয় দফার ভোটে এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঠিক হলেও ডায়মন্ড হারবারে আরও বুথে ভোট হওয়া উচিত। তাঁর দাবি, ফলতা এলাকার অন্তত ৬০টি বুথে পুনর্নির্বাচন করা প্রয়োজন।

তিনি আরও জানান, কমিশন নিশ্চয়ই সমস্ত তথ্য খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিচ্ছে। পর্যবেক্ষকের রিপোর্ট, নজরদারি চিত্র এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নথি যাচাই করেই এই পদক্ষেপ করা হচ্ছে। কমিশনের উপর পূর্ণ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নোয়াপাড়া কেন্দ্রের প্রার্থী অর্জুন সিংও পুনর্নির্বাচনের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়েছেন। তাঁর কথায়, কোনও ভোটার যদি ভোট দিতে না পারেন বা ভোটে অনিয়মের অভিযোগ ওঠে, তা হলে পুনরায় ভোটগ্রহণ করা জরুরি।

অন্যদিকে, এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল। দলের নেতা কুণাল ঘোষের দাবি, শান্তিপূর্ণ ভোট হয়েছিল এবং অযথা পুনর্নির্বাচনের দাবি তোলা হচ্ছে। তিনি বলেন, যেখানে পুনর্নির্বাচন হবে, সেখানেও তৃণমূল বড় ব্যবধানে জয়ী হবে।

প্রসঙ্গত, ফলতা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর নামের পাশে ইভিএম বোতাম বিকৃত করার অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে কমিশন। তার পরেই এই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Related posts

Leave a Comment