নিজস্ব সংবাদদাতা, বনগাঁ— বঙ্গ বিজেপির অন্দরের কোন্দল এবার প্রকাশ্যে স্বীকার করে নিলেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। দলের একাংশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তুলে সরব হলেন তিনি। একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। রবিবার বিকেলে বনগাঁ শহরের নীলদর্পণ অডিটোরিয়ামে তাঁর উদ্যোগে আয়োজিত ‘মিলন উৎসব’-এর মঞ্চ থেকে কার্যত দলেরই একাংশকে কাঠগড়ায় তোলেন শান্তনু। তাৎপর্যপূর্ণভাবে, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি নৃপেন বিশ্বাস।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনুর অভিযোগ, বনগাঁয় বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে দলেরই অন্য একাংশের হাতে। অথচ পুলিশ প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ করছে না। তাঁর কথায়, ‘এখানে বিজেপির কর্মীরাই মার খাচ্ছেন, আর যাঁরা মারছেন তাঁরাও বিজেপি। অথচ পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে রয়েছে। তারা নিরপেক্ষভাবে কাজ করছে না।’ প্রশাসনের একাংশ কয়েকজন নেতার নির্দেশে চলছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রশাসনকে শিক্ষা দিয়ে ছাড়ব।’

দলের অভ্যন্তরীণ বিভাজন নিয়েও এ দিন সরব হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য, ক্ষমতার অপব্যবহার করে দলেরই কিছু মানুষ বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছেন। এই পরিস্থিতি সংগঠনের পক্ষে বিপজ্জনক বলেও মনে করেন তিনি। শান্তনুর কথায়, ‘দলের মধ্যে বিভাজন তৈরি হচ্ছে এবং এর ফলে বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। আমাদেরই মধ্যে কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে বিজেপি কর্মকর্তাদের ওপর আক্রমণ চালাচ্ছেন। আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দেব না।’
দলের মধ্যে সমতার অভাব এবং কর্মীদের মধ্যে দূরত্ব কমাতেই এই মিলন উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান শান্তনু। তাঁর বক্তব্যে স্পষ্ট, বনগাঁ সাংগঠনিক জেলায় দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি যথেষ্ট অসন্তুষ্ট।
এ দিন তৃণমূল থেকে আসা নেতাকর্মীদের নিয়েও কড়া অবস্থান নেন সাংসদ। বিধানসভা নির্বাচনের পর বিজেপির একাংশের বিরুদ্ধে তৃণমূলের নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গেই শান্তনুর হুঁশিয়ারি, ‘তৃণমূলের সবক’টা সন্ত্রাসীকে গ্যারেজে না ঢোকানো পর্যন্ত আমি রাজনীতি থেকে ইস্তফা দেব না।’
শান্তনুর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে দলের অভ্যন্তরীণ বিভাজন, কর্মীদের উপর হামলা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রকাশ্য মঞ্চে তাঁর ক্ষোভ প্রকাশ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। একই কর্মসূচিতে জেলার দুই গুরুত্বপূর্ণ বিজেপি নেতার অনুপস্থিতিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
