বৃন্দাবন—প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। মঙ্গলবার দুপুর ২টোয় বৃন্দাবনেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
স্বামী ভজনানন্দজির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বেলুড় মঠ। মঠের তরফে প্রকাশিত শোকবার্তায় জানানো হয়েছে, অনাড়ম্বর জীবনযাপন এবং কঠোর আধ্যাত্মিক সাধনার জন্য সকলের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। একই সঙ্গে তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত। তাঁর প্রয়াণে রামকৃষ্ণ মঠ ও মিশনের অপূরণীয় ক্ষতি হল, যা অদূর ভবিষ্যতে পূরণ করা কঠিন।
১৯৩৬ সালের ১ জুলাই কেরলের এর্নাকুলাম জেলায় জন্মগ্রহণ করেন স্বামী ভজনানন্দজি। বেলুড় মঠের প্রাক্তন সহ-সভাপতি স্বামী যতীশ্বরানন্দের কাছে মন্ত্রদীক্ষা নিয়েছিলেন তিনি। ১৯৬১ সালে বেঙ্গালুরু রামকৃষ্ণ মঠে যোগ দেন। পরবর্তী সময়ে ১৯৭১ সালে বেলুড় মঠের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দের কাছ থেকে সন্ন্যাসদীক্ষা গ্রহণ করেন।

১৯৭৮ সাল পর্যন্ত বেঙ্গালুরু মঠে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন স্বামী ভজনানন্দজি। এরপর টানা আট বছর রামকৃষ্ণ মঠ ও মিশনের ইংরেজি মুখপত্র ‘প্রবুদ্ধ ভারত’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে তাঁকে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন পর্ষদের সদস্য করা হয়।
১৯৯২ সালের এপ্রিল মাসে যুগ্ম সংগঠনের সহকারী সম্পাদক নিযুক্ত হন তিনি। দীর্ঘ ২৫ বছর এই দায়িত্বে ছিলেন। এরপর ২০২২ সালের এপ্রিল মাসে রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী ভজনানন্দজি। জীবনের শেষ দিন পর্যন্ত এই পদেই দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়াও প্রায় তিন দশক ধরে বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের আচার্য হিসেবে দায়িত্ব সামলেছেন। সেখানে পতঞ্জলির যোগসূত্র, বেদান্ত এবং তুলনামূলক ধর্মতত্ত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়াতেন তিনি। সংস্কৃত, হিন্দু শাস্ত্র এবং খ্রিস্টীয় ধর্মতত্ত্বেও তাঁর বিশেষ পাণ্ডিত্য ছিল।
তাঁর লেখা একাধিক গ্রন্থ পাঠক ও আধ্যাত্মিক অনুরাগীদের কাছে বিশেষভাবে সমাদৃত। উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ‘দ্য লাইট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড’, ‘যোগ অফ মেডিটেশন’ এবং ‘ইয়ুথ পাওয়ার অ্যান্ড দ্য পাওয়ার অফ আইডিয়াস’। তাঁর প্রয়াণে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী, ভক্ত এবং অনুরাগীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
