সংবাদ কলকাতা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে। সোমবার সন্ধ্যার মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে সেটি। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর এবং তুনী শহরের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। সোমবার সকালে গভীর নিম্নচাপটির অবস্থান ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের শ্রীবিজয়পুরম থেকে ৬৯০ কিলোমিটার পশ্চিমে। চেন্নাই থেকে ৭০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯১০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল সেটি। ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে নিম্নচাপটি।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
শুক্রবারও দুর্যোগের আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে।
শনিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড়ের বিশেষ প্রভাব পড়ার আশঙ্কা নেই উত্তরবঙ্গে। সেখানে আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা জারি না হলেও ১৭ থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।
