July 21, 2026
কলকাতা

ভাষার ঐতিহ্য রক্ষায় ‘শব্দলোক’-এর সূচনা, বাংলার সাংস্কৃতিক নেতৃত্বের প্রশংসায় অমিত শাহ

দেশের প্রথম ভাষাভিত্তিক জাদুঘর ‘শব্দলোক’-এর উদ্বোধন হল কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে। জাদুঘরের উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘ভারতকে পাঁচ দশক এগিয়ে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলা। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষাই মানুষকে গড়ে তোলে। একটি দেশের সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যের সবচেয়ে বড় পরিচয় তার ভাষা।’

তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা এবং ভাষার ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি। ভাষার মধ্য দিয়েই একটি সমাজের চিন্তাভাবনা, সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাস বেঁচে থাকে। তাই ভাষার সংরক্ষণ ও বিকাশের জন্য সকলের একযোগে কাজ করা প্রয়োজন।

বাংলার অবদানের প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীদের অবদান ভারতের সাংস্কৃতিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাঁর বক্তব্য, রবীন্দ্রনাথের জন্মভূমি বাংলা দেশের সাংস্কৃতিক বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে তিনি বলেন, ঋষি অরবিন্দের চিন্তাধারা না জানলে ভারতকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাংস্কৃতিক পুনর্জাগরণের উদ্যোগেরও প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারতের সংস্কৃতি বহুত্ববাদী ও উদার। এখানে নানা ভাষা, নানা সংস্কৃতি এবং নানা মতের সহাবস্থানই দেশের শক্তি। ‘শব্দলোক’ সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে জাদুঘরের ৯টি গ্যালারি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সেখানে ভারতের সংবিধান স্বীকৃত ২২টি ভাষার ইতিহাস, ধ্বনির বিবর্তন, শব্দের পরিবর্তন, ভাষার বিকাশ, অডিও-ভিজুয়াল উপস্থাপনা, ডিজিটাল প্রদর্শনী এবং ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে ভাষার দীর্ঘ যাত্রাপথ তুলে ধরা হয়েছে। ভাষা ও সংস্কৃতি নিয়ে আগ্রহী গবেষক, ছাত্রছাত্রী এবং সাধারণ দর্শনার্থীদের কাছে এই জাদুঘর বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment