31.3 C
Kolkata
July 10, 2026
কলকাতা

বেহালার জলযন্ত্রণা দূর করতে সেচমন্ত্রীকে চিঠি, চুড়িয়াল-সোনামুখী-শুঁটি খাল সংস্কারের দাবি ইন্দ্রনীল খানের

সংবাদ কলকাতা: বেহালা পশ্চিমের দীর্ঘস্থায়ী জলজট (Waterlogging) সমস্যা দূর করতে যুব কল্যাণ, ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. ইন্দ্রনীল খান (Dr. Indranil Khan) সেচমন্ত্রী অরূপ কুমার দাস (Arup Kumar Das)-কে একটি জরুরি চিঠি পাঠিয়েছেন। সেখানে চুড়িয়াল খাল (Churial Canal), সোনামুখী খাল (Sonamukhi Canal) এবং শুঁটি খাল (Shuti Canal)-এর অবিলম্বে সংস্কার ও পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছে।

২৯ জুন লেখা ওই চিঠিতে মন্ত্রী উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে খালগুলিতে বিপুল পরিমাণ পলি এবং কঠিন বর্জ্য জমে থাকায় নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে নিকাশির জল স্বাভাবিকভাবে বেরোতে পারছে না। বরং খাল থেকে উল্টো দিকে জল ফিরে এসে বেহালা পশ্চিমের বিস্তীর্ণ এলাকায় সপ্তাহের পর সপ্তাহ জল জমে থাকছে।

চিঠিতে আরও বলা হয়েছে, জল জমে থাকার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রেও বড় সমস্যা তৈরি হচ্ছে। তাই বর্ষার মধ্যেই পরিস্থিতির মোকাবিলায় দ্রুত পলি অপসারণের কাজ শুরু করা প্রয়োজন।

ডা. ইন্দ্রনীল খান চিঠিতে আরও উল্লেখ করেছেন, শুধু পলি সরালেই হবে না, খালগুলির আগের প্রস্থও ফিরিয়ে আনতে হবে। সেই জন্য প্রতিটি খালের বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় পুনর্গঠনের কাজ হাতে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

সেচমন্ত্রীকে উদ্দেশ করে তিনি লিখেছেন, বর্ষাকালে বেহালাবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। দ্রুত সংস্কারকাজ শুরু হলে ভবিষ্যতে জল জমার সমস্যা অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Related posts

Leave a Comment