সংবাদ কলকাতা— তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে বিধানসভায় অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার তিনি জানান, দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই ১২২টি এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। একই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার কোনও ধরনের দুর্নীতিকে বরদাস্ত করবে না।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে নিশীথ প্রামাণিক বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে দুর্নীতির সঙ্গে যুক্তদের কোনও জায়গা থাকবে না। একাধিক সংস্থাকে শোকজ করা হয়েছে এবং নিয়ম ভঙ্গের অভিযোগে ১২২টি এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। ভবিষ্যতেও অনিয়মের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।উত্তরবঙ্গের উন্ন
য়ন পরিকল্পনার কথাও এদিন তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, উন্নয়ন কোনও একটি জেলা বা নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উত্তরবঙ্গের সব জেলা ও সব বিধানসভা এলাকায় সমান গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পর্যটন শিল্পের প্রসারে উত্তরবঙ্গজুড়ে ১০০টি পর্যটন তথ্যকেন্দ্র গড়ে তোলার ঘোষণা করেন নিশীথ প্রামাণিক। এই কেন্দ্রগুলিতে খাদ্য প্রাঙ্গণ, হোম স্টে-সহ পর্যটকদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা থাকবে। পাশাপাশি সীমান্ত বাণিজ্য সম্প্রসারণে একাধিক ইন্দো-বাংলাদেশ স্থলবন্দর গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।মন্ত্রী আরও
বলেন, উত্তরবঙ্গের প্রতিটি জেলায় একটি করে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পার্বত্য এলাকায় যানজট কমাতে আন্তর্জাতিক মানের হাইড্রলিক গাড়ি পার্কিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পর্যটকদের যাতায়াতে সুবিধা হবে।
উত্তরবঙ্গে চলচ্চিত্রের শুটিং সহজ করতে ‘সিঙ্গল উইন্ডো’ ব্যবস্থা চালু করার কথাও ঘোষণা করেন নিশীথ প্রামাণিক। তাঁর দাবি, এতদিন প্রযোজনা সংস্থাগুলিকে নানা সমস্যার মুখে পড়তে হত। নতুন ব্যবস্থায় প্রয়োজনীয় সব অনুমতি এক জায়গা থেকেই পাওয়া যাবে।
মন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল সরকারের আমলে উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের এক-তৃতীয়াংশের বেশি খরচই করা হত না। বর্তমান সরকার বরাদ্দের প্রতিটি টাকা উন্নয়নের কাজে ব্যয় করবে বলেও তিনি আশ্বাস দেন।
