আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)। বৃহস্পতিবার নন্দনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উৎসবের প্রস্তুতি নিয়ে বৈঠক হয়। সেখানেই এ বছরের চলচ্চিত্র উৎসবের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। উৎসব চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানান, জাতীয় ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ বার চলচ্চিত্র উৎসবের দিন স্থির করা হয়েছে। তাঁর কথায়, ‘‘দিল্লিতে ফিল্ম ডিভিশনের সঙ্গে কথা বলে জাতীয় ক্যালেন্ডার অনুযায়ী, এ বার ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে। জাতীয় ও অন্য রাজ্যগুলোর সঙ্গে মিলিয়েই উৎসবটা করছি।

’’উত্তম কুমারের জন্মশতবর্ষে বড় অনুষ্ঠান
এ বছর বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে রাজ্য সরকার বড় আকারে একাধিক কর্মসূচি আয়োজন করতে চলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে। এ নিয়ে বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে কী কী কর্মসূচি থাকবে, তা পরে সরকারিভাবে জানানো হবে।মুখ্যমন্ত্রী জানান, জন্মশতবর্ষ উদ্যাপন সফল করতে বিশিষ্টজনদের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে।

নন্দনে একটি ক্যাম্প অফিসও তৈরি করা হবে। সেখানে যে কেউ এসে নিজের মতামত ও পরামর্শ জানাতে পারবেন।শুধু চার দিনের অনুষ্ঠানেই শেষ নয়, আগামী এক বছর ধরে উত্তম কুমারকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
উত্তম কুমারের সেরা ছবি কোনটি— এমন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, এখনই তিনি তা প্রকাশ করছেন না। জন্মশতবর্ষের অনুষ্ঠানের সময় নিজের পছন্দের কথা জানাবেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হিসেবে উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানের আয়োজন করতে পারা তাঁর কাছে ‘‘ঈশ্বরের আশীর্বাদ’’।
