25 C
Kolkata
October 17, 2026
খেলা

রোহিত-কোহলিই আমার আদর্শ, জানালেন রাচিন

সংবাদ কলকাতা— বিশ্বের বহু উঠতি ক্রিকেটারের কাছে তাঁরা অনুপ্রেরণা। তাঁদের খেলা দেখে নিজেদের তৈরি করেছেন অসংখ্য তরুণ ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও। নিজের ক্রিকেটজীবনে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবদানের কথা অকপটে স্বীকার করলেন তিনি। জানালেন, দুই ভারতীয় তারকার ব্যাটিং, মানসিকতা ও দায়বদ্ধতা থেকে অনেক কিছু শিখেছেন।

নভেম্বরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে খেলতে দেখা যাবে রোহিত ও কোহলিকে। সেই সিরিজ়ে রাচিনের সঙ্গে তাঁদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই দুই তারকাকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন কিউয়ি অলরাউন্ডার।

রাচিনের কথায়, ‘গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই রোহিত এবং বিরাটকে নিয়ে পাগল। আমিও তাঁদের মধ্যে একজন। দীর্ঘ দিন ধরে ওঁরা ভাল খেলছেন, ট্রফি জিতেছেন এবং ধারাবাহিক ভাবে অসাধারণ মুহূর্ত তৈরি করেছেন। অনেক বছর ধরেই ওঁরা আমার আদর্শ। নিজের ব্যাটিং আরও উন্নত করতে এবং খেলার ছোটখাটো বিষয় শিখতে ওঁদের অনুসরণ করেছি।’

দুই ভারতীয় ব্যাটারের বিশেষ কিছু গুণ তাঁকে আলাদা ভাবে অনুপ্রাণিত করে বলেও জানিয়েছেন রাচিন। তাঁর মতে, বাউন্স সহায়ক পিচে বিরাট কোহলির ব্যাটিং এবং স্পিনারদের বিরুদ্ধে রোহিত শর্মার আক্রমণাত্মক মেজাজ থেকে অনেক কিছু শেখার রয়েছে। শুধু ব্যাটিংয়ের কৌশল নয়, চাপের মুখে তাঁদের মানসিক দৃঢ়তা ও দায়বদ্ধতাও তাঁকে আকৃষ্ট করেছে।

তরুণ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা আরও শক্ত করতে চাইছেন রাচিন। সেই লক্ষ্যে অভিজ্ঞ দুই তারকার ব্যাটিং থেকে পাওয়া শিক্ষা তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলেই স্পষ্ট।

Related posts

Leave a Comment