31.6 C
Kolkata
June 28, 2026
দেশ

মহররমে ইমাম হুসেনের ত্যাগকে স্মরণ, সত্য ও ন্যায়ের পথে অনুপ্রেরণার বার্তা মোদীর

মহররম উপলক্ষে হজরত ইমাম হুসেন (আ.)-এর আত্মত্যাগকে স্মরণ করে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ করা এক পোস্টে তিনি বলেন, ইমাম হুসেনের আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে মানুষকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, “হজরত ইমাম হুসেন (আ.)-এর আত্মত্যাগ অসংখ্য মানুষকে সত্য ও ন্যায়ের পথে অটল থাকার অনুপ্রেরণা জোগায়। তাঁর জীবন আমাদের সাহস, দৃঢ় বিশ্বাস ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের শক্তির কথাও স্মরণ করিয়ে দেয়।”

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে মহররম বছরের অন্যতম পবিত্র মাস। ইসলামি বা হিজরি নববর্ষের সূচনা হয় এই মাস থেকেই। মহররমের দশম দিন ‘আশুরা’ বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনেই কারবালার যুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হুসেন (আ.) শহিদ হন। তাঁর আত্মত্যাগ ইসলামে সত্য, ন্যায়, ত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে মহররম উপলক্ষে শোকমিছিল, প্রার্থনা সভা এবং ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিয়া মুসলিমরা প্রথম ১০ দিন শোকপালন, মজলিস এবং ইমাম হুসেনের স্মরণে নানা কর্মসূচি পালন করেন। অন্যদিকে সুন্নি মুসলিমদের মধ্যে অনেকেই মহররমের ৯ ও ১০ অথবা ১০ ও ১১ তারিখে নফল রোজা পালন করেন, যা ইসলামে অত্যন্ত ফজিলতপূর্ণ বলে মনে করা হয়।

Related posts

Leave a Comment