31 C
Kolkata
October 7, 2026
কলকাতা

পুজোয়ও ছুটি নেই পাপিয়ার

সংবাদ কলকাতা:— পুজো মানেই নতুন জামাকাপড়, পরিবারের সঙ্গে ঘোরাঘুরি আর মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। কিন্তু এ বছর সেই চেনা ছন্দে পুজো কাটছে না অভিনেত্রী তথা টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর। মে মাসে রাজনৈতিক দায়িত্ব নেওয়ার পর থেকেই বেড়েছে ব্যস্ততা। ফলে পরিবারকে সময় দেওয়া তো দূরের কথা, নিজের পুজোর কেনাকাটার জন্যও সময় বের করা কঠিন হয়ে পড়েছে তাঁর।

পাপিয়ার কথায়, বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধনে যাওয়ার আমন্ত্রণ ইতিমধ্যেই এসেছে। তাই পুজোর দিনগুলিতে একের পর এক কর্মসূচিতে ব্যস্ত থাকতে হবে তাঁকে। হাসতে হাসতেই তিনি জানিয়েছেন, ‘প্রচুর উদ্বোধন করতে যাওয়ার অনুরোধ এসেছে। সেখানে যেতেই হবে।’

পুজো বরাবরই তাঁর প্রিয় উৎসব। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা এবং পরিবারের সঙ্গে সময় কাটানো তাঁর পছন্দের। কিন্তু এ বার সেই সুযোগ কতটা হবে, তা নিয়ে নিজেই অনিশ্চিত। তাঁর কথায়, ‘আসলে আমার জীবনে এখন না আছে রবিবার, না আছে পরিবার। সবটাই এখন টালিগঞ্জের মানুষ।’


নতুন রাজনৈতিক দায়িত্বের কারণে নিজের জন্য পুজোর পোশাক কেনার সময়ও মিলবে না। তবে দুই মেয়ের পুজোর কেনাকাটা কোনও ভাবেই বাদ দিতে চাইছেন না তিনি। এক দিন মেয়েকে নিজের অফিসে ডেকে নিয়ে সামনের দোকান থেকে পোশাক কিনে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু অফিসে সব সময় মানুষের আনাগোনা থাকায় মেয়ের সেই প্রস্তাব পছন্দ হয়নি।

শেষ পর্যন্ত মেয়ের আপত্তিকেও গুরুত্ব দিয়েছেন পাপিয়া। পরিচিত এক জনকে বলে রেখেছেন, রাত পর্যন্ত যেন দোকান খোলা রাখা হয়। কাজের ফাঁকে, প্রয়োজন হলে মাঝরাতেও গিয়ে দুই মেয়ের পুজোর কেনাকাটা সারার পরিকল্পনা করেছেন তিনি।


তবে পোশাক কেনা হলেও এ বার পরিবারের সঙ্গে বেরিয়ে ঠাকুর দেখার সুযোগ হবে না। পাপিয়া জানিয়েছেন, ‘ঘুরতে যেতে পারব না। তবে উদ্বোধনের সৌজন্যে মায়ের দর্শন পেয়েই যাব।’ অর্থাৎ রাজনৈতিক ও পুজোর কর্মসূচির ব্যস্ততার মধ্যেই বিভিন্ন মণ্ডপে গিয়ে দেবী দর্শনের সুযোগ মিলবে তাঁর।

রাজনৈতিক কর্মসূচিতে আগেও দুই মেয়ে মাকে নানা ভাবে সাহায্য করেছেন। ফলে পুজোর সময় মায়ের ব্যস্ততা যে আরও বাড়বে, তা পরিবারের কাছেও অজানা নয়। এ বারও পরিবারের সহযোগিতাকে সঙ্গে নিয়েই দায়িত্ব সামলে উৎসব কাটানোর প্রস্তুতি নিচ্ছেন পাপিয়া।

Related posts

Leave a Comment