July 2, 2026
কলকাতা

শিয়ালদহ বিভাগে ৬ জুলাই থেকে চালু হচ্ছে একাধিক নতুন লোকাল ও এসি ট্রেন

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংবাদ কলকাতা: উপনগরীয় রেল পরিষেবাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ বিভাগ(Sealdah Division)। প্রতিদিন বাড়তে থাকা যাত্রীসংখ্যা এবং ব্যস্ত সময়ের ভিড় কমাতে একাধিক নতুন লোকাল ট্রেন চালু করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের পরিষেবা সম্প্রসারণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৬ জুলাই থেকে এই নতুন পরিষেবাগুলি চালু হবে বলে পূর্ব রেল জানিয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের প্রয়োজন এবং বিভিন্ন রুটে যাতায়াতের চাপ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পরিষেবার ফলে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার বহু যাত্রী সরাসরি উপকৃত হবেন। একই সঙ্গে মেট্রো রেলের সঙ্গে সংযোগও আরও উন্নত হবে। শিয়ালদহ–বারাসাত শাখায় নতুন এসি লোকাল চালু করা হচ্ছে। ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল ১০টা ৩৩ মিনিটে ছাড়বে এবং বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনে থেমে বারাসাতে পৌঁছবে। ফিরতি ট্রেন বারাসাত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছাড়বে। বর্তমানে চলা এসি উপনগরীয় পরিষেবার সঙ্গে এই নতুন ট্রেন যুক্ত হওয়ায় যাত্রীদের আরও আরামদায়ক যাত্রার সুযোগ মিলবে।

হাসনাবাদ (Hasnabad) শাখার যাত্রীদের সুবিধার জন্য বারাসাত–হাসনাবাদ লোকালের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। এই ট্রেনটি এখন থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। পাশাপাশি বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট নতুন লোকাল চালু হওয়ায় ব্যস্ত সময়ে বনগাঁ ও হাসনাবাদমুখী যাত্রীদের জন্য অতিরিক্ত পরিষেবা মিলবে।

ডায়মন্ড হারবার (Diamond Harbour) শাখায় সন্ধ্যার ব্যস্ত সময়ে নতুন দুটি লোকাল চালু হচ্ছে। পাশাপাশি এতদিন বিশেষ ট্রেন হিসেবে চলা পরিষেবাগুলিকে নিয়মিত করা হবে। ক্যানিং (Canning) শাখাতেও শিয়ালদহ–সোনারপুর লোকালকে ক্যানিং পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ক্যানিং থেকে নতুন একটি লোকাল চালু হবে। এর ফলে দক্ষিণ ২৪ পরগনার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। একটি ট্রেন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেবে। অন্যটি রাত ৮টা ২০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে সোনারপুর যাবে। বর্তমানে বিশেষ ট্রেন হিসেবে চলা কয়েকটি পরিষেবাকেও নিয়মিত করা হচ্ছে।

বারুইপুর–লক্ষ্মীকান্তপুর শাখায় শিয়ালদহ–বারুইপুর লোকালকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীকান্তপুর থেকে সোনারপুর পর্যন্ত নতুন পরিষেবাও চালু হবে।

দক্ষিণ শাখার পাশাপাশি উত্তর শাখাতেও পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে। কৃষ্ণনগর (Krishnanagar) পর্যন্ত শিয়ালদহ–রানাঘাট লোকাল বাড়ানো হচ্ছে। ফিরতি ট্রেনও কৃষ্ণনগর থেকেই ছাড়বে। পাশাপাশি রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর লোকালকে আমঘাটা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। নতুন আমঘাটা–কৃষ্ণনগর লোকাল চালু হওয়ায় ওই এলাকার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

শিয়ালদহ বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা জানান, যাত্রীদের প্রতিদিনের প্রয়োজন এবং ভিড়ের বিষয়টি মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে। ব্যস্ত সময়ে চাপ কমানো, আরও আরামদায়ক যাত্রা নিশ্চিত করা এবং মেট্রোর সঙ্গে উন্নত সংযোগ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও যাত্রীদের মতামতকে গুরুত্ব দিয়ে নিরাপদ ও নির্ভরযোগ্য পরিষেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে শিয়ালদহ বিভাগ।

Related posts

Leave a Comment