June 23, 2026
রাজ্য

মাধ্যমিকে নজর কাড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, প্রথম দশে জায়গা পেল ৭ ছাত্র

সোনারপুর—২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ফের নজর কাড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। এবারের মেধাতালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে বিদ্যালয়ের সাতজন ছাত্র। দক্ষিণ ২৪ পরগনার শিক্ষামহলে এই সাফল্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

যুগ্মভাবে তৃতীয় স্থান অর্জন করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌর জানা। তার প্রাপ্ত নম্বর ৬৯৫। নিয়মিত পড়াশোনা ও পরিকল্পিত প্রস্তুতির ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছে সৌর।

পঞ্চম স্থানে রয়েছে সমন্তক কুণ্ডু, তার প্রাপ্ত নম্বর ৬৯৩। সপ্তম স্থান দখল করেছে সমজ্যোতি দাস, পেয়েছে ৬৯১ নম্বর। এছাড়া যুগ্মভাবে অষ্টম স্থানে রয়েছে জীবিতেশ কায়াল ও সৌম্যকান্ত কুইল্যা, দু’জনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।

নবম স্থানে জায়গা করেছে ঐশিক চক্রবর্তী, তার নম্বর ৬৮৯। দশম স্থানে রয়েছে অনুরাগ মণ্ডল, পেয়েছে ৬৮৮ নম্বর। একই বিদ্যালয়ের এতজন ছাত্রের মেধাতালিকায় স্থান পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা।

শুধু নরেন্দ্রপুর নয়, সোনারপুর সারদা বিদ্যাপীঠের ছাত্রী বিদিশা হালদারও ৬৯২ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বিদিশা বরাবরই অত্যন্ত পরিশ্রমী ও নিয়মিত ছাত্রী ছিল।

অন্যদিকে জয়নগর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র মৈনাক চক্রবর্তী ৬৯০ নম্বর পেয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। দক্ষিণ বারাসত শিবদাস আচার্য হাইস্কুলের ছাত্র অয়ন হালদার ৬৮৮ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে।

এবারের মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ ২৪ পরগনার একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ফল করায় জেলার শিক্ষামহলে প্রশংসার আবহ তৈরি হয়েছে। শিক্ষক মহলের মতে, সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায় থাকলে যে কোনও প্রান্ত থেকেই সাফল্য অর্জন সম্ভব, তা ফের প্রমাণ করল জেলার পড়ুয়ারা।

Related posts

Leave a Comment