কলকাতা— পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের আবহে নতুন সাজে সেজে উঠছে রাজ্য বিধানসভা (West Bengal Assembly)। এবারের নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়ে বিজেপি (BJP) প্রথমবার রাজ্যে সরকার গঠন করতে চলেছে। শনিবার রবীন্দ্রজয়ন্তীর দিন শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার আগে থেকেই বিধানসভা ভবনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
সূত্রের খবর, গোটা বিধানসভা চত্বর গেরুয়া আলোর সাজে ঢেকে ফেলা হচ্ছে। প্রায় ৩৫০টি আলোর সেট এনে ভবনের বিভিন্ন অংশে লাগানো হচ্ছে। সন্ধ্যার পর থেকেই নতুন আলোকসজ্জা নজর কাড়ছে।
ভবনের ভিতরেও শুরু হয়েছে পরিবর্তনের কাজ। বিদায়ী মন্ত্রীদের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। এমনকি বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামফলকও খুলে নেওয়া হয়েছে। আপাতত শুধু মুখ্যমন্ত্রী এবং স্পিকারের নির্দিষ্ট ফলক রাখা হয়েছে। শনিবার নতুন নাম বসানো হবে বলে জানা গিয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে তৈরি হচ্ছে একটি নতুন স্থায়ী র্যাম্প। মুখ্যমন্ত্রীর ঘর থেকে বিধানসভার বাগানমুখী অংশে যাতায়াতের জন্য এই র্যাম্প তৈরি করা হচ্ছে বলে সূত্রের দাবি।
রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, শনিবার ব্রিগেড ময়দানে (Brigade Ground) শপথগ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী প্রতীকীভাবে বিধানসভায় আসতে পারেন। আপাতত সেখান থেকেই প্রশাসনিক কাজ চালানো হবে। সেই কারণে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং একাধিক বন্ধ ঘর খুলে প্রস্তুতি শুরু হয়েছে।
নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে প্রশাসনিক কাজ নবান্নের বদলে ঐতিহাসিক মহাকরণ (Writers’ Building) থেকে পরিচালিত হবে। তবে সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত আগামী কয়েক মাস বিধানসভা ভবন থেকেই সচিবালয়ের কাজ চলবে বলে জানা গিয়েছে।
পাশাপাশি প্ল্যাটিনাম জুবিলি হলকে (Platinum Jubilee Hall) অস্থায়ী সচিবালয় হিসেবে গড়ে তোলার কাজও শুরু হয়েছে। প্রশাসনিক পরিকাঠামো তৈরির জন্য সেখানে জোরকদমে কাজ চলছে।
