দিল্লি: বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন তিনি। সেই চিঠিতে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান মোদী। তাঁর বার্তায় ভ্রাতৃত্ব ও আনন্দের কথা উঠে আসে। তিনি বলেন, ‘আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সর্বদা বজায় থাকুক।’ পাশাপাশি সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এই রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ভারতীয় সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাঁর মতে, নববর্ষ সেই ঐতিহ্য উদ্যাপনেরই এক বিশেষ উপলক্ষ।
তবে শুভেচ্ছাবার্তার পরেই খোলা চিঠিতে রাজনৈতিক সুর স্পষ্ট হয়ে ওঠে। সেখানে মোদীর অভিযোগ, গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে অপশাসন, দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। তাঁর দাবি, এই পরিস্থিতি সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গবাসীর ‘দুঃখ-বেদনা’ দেখে তিনি ‘ভারাক্রান্ত’ বলেও উল্লেখ করেন।
একই সঙ্গে আশ্বাস দেন, বিজেপি সরকার গঠিত হলে কর্মসংস্থান বৃদ্ধি এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। শেষ পর্যন্ত তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, ‘ভয়মুক্ত হয়ে গণতন্ত্রের উৎসবে অংশ নিন এবং ভোট দিন।’
অন্য দিকে, একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও তাঁর বার্তায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন এবং গণতন্ত্র রক্ষার আহ্বান জানান। ফলে নববর্ষের দিনেই রাজনৈতিক তরজা আরও জোরালো হয়ে উঠেছে।
previous post
