কলকাতা: বাংলা নববর্ষের সকালে রাজ্যবাসীর উদ্দেশে ভিডিয়োবার্তায় শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা ও অত্যাচারের অভিযোগ তুলে ভোটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানালেন তিনি।
বার্তার শুরুতেই নববর্ষের তাৎপর্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা নববর্ষ শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের নানা প্রান্তে উদ্যাপিত হয়। তিনি উল্লেখ করেন, ‘বাংলা সম্প্রীতি ও সংস্কৃতির পীঠস্থান।’ সেই সঙ্গে শান্তি ও ঐক্যের বার্তা দেন।
রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের কথাও তুলে ধরেন মমতা। তাঁর দাবি, ১০৫টি প্রকল্পের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তবে এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তাঁর অভিযোগ, ‘দিল্লি থেকে অত্যাচার, ভোটে হস্তক্ষেপ এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাংলাকে চাপে রাখা হচ্ছে।’
এই পরিস্থিতিতে ভোটারদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, ‘এই অত্যাচারের বদলা নিন, ভোট দিন।’ রাজনৈতিক মহলে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিজেপিকে কটাক্ষ করে ‘ভ্যানিশ ওয়াশিং মেশিন’ বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির বার্তা দেন মুখ্যমন্ত্রী।
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে বহু নাম পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি নাম ফেরানোর প্রক্রিয়াও চলছে।
শেষে মমতা বলেন, ‘নির্বাচন গণতন্ত্রের উৎসব।’ রাজ্যের ২৯৪টি আসনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।
