28 C
Kolkata
April 21, 2026
রাজ্য

দার্জিলিং পাহাড় নিয়ে বৈঠক এড়িয়েছে রাজ্য, অভিযোগ অমিত শাহর

দার্জিলিং: দার্জিলিং পাহাড়ের সমস্যা নিয়ে গত দেড় বছরে তিনবার বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও রাজ্য সরকার তা গ্রহণ করেনি বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খারাপ আবহাওয়ার কারণে লেবংয়ের সভায় পৌঁছতে না পারায় ভিডিয়োবার্তার মাধ্যমে এই অভিযোগ তোলেন তিনি।

বুধবার সকালে দার্জিলিংয়ের লেবং ময়দানে তাঁর জনসভা করার কথা ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার সেখানে নামতে পারেনি। ফলে সাত মিনিটের ভিডিয়োবার্তা সভাস্থলে প্রচার করা হয়।

সেই বার্তায় শাহ বলেন, ‘গত দেড় বছরে তিনবার দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ের পাহাড়ি এলাকার সমস্যা এবং গোর্খাদের দাবিদাওয়া নিয়ে বৈঠকের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর কোনও প্রতিনিধি দিল্লিতে আসেননি।’

তাঁর অভিযোগ, রাজ্য সরকার চাইছে না দার্জিলিংয়ের গোর্খারা ন্যায় ও তাঁদের প্রাপ্য অধিকার পান। যদিও আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘চিন্তা করবেন না, আগামী ৫ মে বিজেপি সরকার গঠনের পর প্রথম কাজ হবে গোর্খাদের সমস্যার সমাধান করা।’ পাশাপাশি তিনি জানান, অতীতে গোর্খাল্যান্ড আন্দোলন ঘিরে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা হবে।

সভায় উপস্থিত না থাকতে পারায় দুঃখপ্রকাশ করে শাহ জানান, ২১ এপ্রিল তিনি আবার দার্জিলিং জেলার শুকনায় প্রচারে আসবেন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বিজেপির জয় নিশ্চিত এবং ক্ষমতায় এলে অনুপ্রবেশ, দুর্নীতি ও গুন্ডারাজের অবসান ঘটবে।

এ দিন তাঁর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একাধিক জনসভায় যোগ দেওয়ার কথাও রয়েছে।

Related posts

Leave a Comment