July 30, 2026
দেশ

আরব দুনিয়ার অশান্তি নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি CCS বৈঠক, জ্বালানি সুরক্ষায় তৎপর কেন্দ্র

নয়াদিল্লি: আরব দুনিয়ার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসল কেন্দ্র সরকার। ভারতের জ্বালানি নিরাপত্তা, অপরিশোধিত তেলের সরবরাহ এবং সামগ্রিক কৌশলগত প্রস্তুতি খতিয়ে দেখতে সংসদ ভবনে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (CCS) জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া এই বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও জ্বালানি মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

সরকারি সূত্রের খবর, পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির জেরে ভারতের অপরিশোধিত তেল, এলপিজি (LPG) এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে। একইসঙ্গে, সরবরাহ ব্যবস্থায় কোনও বিঘ্ন ঘটলে তার মোকাবিলায় দেশের আপৎকালীন প্রস্তুতি ও বিকল্প ব্যবস্থা নিয়েও আলোচনা চলছে।

কেন্দ্রের আশঙ্কা, পশ্চিম এশিয়ায় সংঘাত আরও বাড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটতে পারে। সেই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ যাতে স্বাভাবিক থাকে এবং বাজারে কোনও সংকট তৈরি না হয়, তার জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণে জোর দেওয়া হয়েছে।

ভারতের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের একটি বড় অংশই পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে আমদানি করা হয়। ফলে ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি ভারতের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। সেই কারণেই বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে কেন্দ্র সরকার।

সূত্রের খবর, বৈঠক শেষে কেন্দ্রের তরফে পরিস্থিতি এবং গৃহীত সিদ্ধান্ত নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হতে পারে।

Related posts

Leave a Comment