35 C
Kolkata
May 24, 2026
রাজ্য

নন্দীগ্রাম ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, উপনির্বাচনের পথে হাইভোল্টেজ কেন্দ্র


কলকাতা, ২৪ মে: হাইভোল্টেজ রাজনীতির কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে ইস্তফা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর নিয়ম মেনে নন্দীগ্রামের আসন ছাড়তে হয় তাঁকে। তবে আসন ছাড়লেও নন্দীগ্রামের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

বিধানসভা নির্বাচনে জোড়া আসনে জয়ী হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তেই হতো শুভেন্দুকে। শেষ পর্যন্ত ভবানীপুর কেন্দ্রকেই নিজের বিধায়ক পদ হিসেবে বেছে নেন তিনি। নন্দীগ্রাম থেকে ইস্তফা দেওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, “নিয়মের কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়তে হলেও মানুষের প্রতি আমার দায়বদ্ধতা একটুও কমবে না। নন্দীগ্রাম আমার হৃদয়ে রয়েছে।”

শুভেন্দুর ইস্তফার ফলে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ফের উপনির্বাচন হতে চলেছে। যদিও বিজেপির তরফে এখনও পর্যন্ত প্রার্থী নিয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

এদিকে বুধবারই ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যুদিন উপলক্ষে নন্দীগ্রামের চিল্লগ্রামে স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দুর ভাই তথা এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি মলয় সিনহা ও সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।

সভা থেকে দিব্যেন্দু বলেন, “বাংলায় পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠকেই ভারতে ‘ন্যায় সংহিতা’ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দোষীরা আর রেহাই পাবে না।”

তিনি আরও সতর্ক করে বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি দেখিয়ে কেউ অসামাজিক কাজ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

২০২১ সালের ৩ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম। অভিযোগ, রাজনৈতিক হিংসার জেরে গুরুতর জখম হন বিজেপি কর্মী দেবব্রত মাইতি। পরে কলকাতার একটি হাসপাতালে ১৩ মে তাঁর মৃত্যু হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার নেয় সিবিআই। তদন্তে ইতিমধ্যেই ৪২ জনকে চিহ্নিত করে জেরা ও গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আশাবাদী দেবব্রতর পরিবার। তাঁদের দাবি, “এবার বিচার মিলবে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ঘরের ছেলে, তাই খুনিরা আর রেহাই পাবে না।”

Related posts

Leave a Comment