আলিগড়, ২৪ মে: উত্তরপ্রদেশে ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে আরও এক বড় পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথ সরকার। আলিগড় বিভাগে তৈরি হয়েছে অলিম্পিক মানের অত্যাধুনিক ইনডোর স্পোর্টস কমপ্লেক্স। প্রায় ১৩ হাজার বর্গমিটার এলাকা জুড়ে ৫৭ কোটিরও বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্প খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আলিগড় পুরসভার কমিশনার প্রেম প্রকাশ মীনা জানিয়েছেন, পশ্চিম উত্তরপ্রদেশে এই প্রথম আন্তর্জাতিক মানের এমন ইনডোর ক্রীড়া কমপ্লেক্স তৈরি হল। তাঁর কথায়, “শুধু স্টেডিয়াম গড়া নয়, গ্রামের ও ছোট শহরের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরাই সরকারের লক্ষ্য।”
এই কমপ্লেক্সের সবচেয়ে বড় আকর্ষণ অত্যাধুনিক জাতীয় মানের সুইমিং পুল। আধুনিক প্রযুক্তিতে তৈরি এই সুইমিং পুল ভবিষ্যতে রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতার ভেন্যু হিসেবেও ব্যবহার করা যাবে। ফলে এতদিন দিল্লি, নয়ডা বা লখনউয়ের উপর নির্ভরশীল আলিগড়ের সাঁতারুরা এবার নিজেদের শহরেই উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন।
কমপ্লেক্সে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন ও বাস্কেটবল কোর্ট। পাশাপাশি রয়েছে মাল্টিপারপাস ইনডোর হল, বিলিয়ার্ডস রুম এবং হাই-টেক জিমনেশিয়াম। খেলোয়াড়দের পেশাদার প্রশিক্ষণ ও ফিটনেসের কথা মাথায় রেখেই এই পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।
শুধু অনুশীলনের কেন্দ্র হিসেবেই নয়, বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উপযোগী পূর্ণাঙ্গ স্পোর্টস হাব হিসেবেও তৈরি করা হয়েছে কমপ্লেক্সটি। দর্শকদের জন্য আধুনিক গ্যালারি, মিডিয়া রুম, ভিআইপি রুম ও লাউঞ্জের ব্যবস্থাও রাখা হয়েছে।
প্রেম প্রকাশ মীনা জানান, “এই কমপ্লেক্স চালু হলে আলিগড় ও আশপাশের জেলার খেলোয়াড়দের আর বড় শহরে যেতে হবে না। স্থানীয় প্রতিভারাই বিশ্বমানের সুযোগ-সুবিধা পাবে নিজেদের এলাকায়।”
সরকারের দাবি, আগামী দিনে এই প্রকল্প আলিগড়কে উত্তরপ্রদেশের অন্যতম প্রধান ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে এখান থেকেই উঠে আসতে পারেন জাতীয় ও আন্তর্জাতিক মানের বহু ক্রীড়াবিদ।
এদিকে এই প্রকল্প ঘিরে উৎসাহ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা ও ক্রীড়ামহলেও। এতদিন তালা শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিচিত আলিগড় এবার ক্রীড়াক্ষেত্রেও নতুন পরিচয় তৈরি করতে চলেছে বলেই মনে করছেন অনেকে।
