দিল্লি— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নাবালিকার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর তাঁর মায়ের প্রতিক্রিয়া ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্ষমাপ্রার্থনার একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর তিনি দাবি করেছেন, মেয়েকে ক্ষমা করে প্রধানমন্ত্রী কার্যত নতুন জীবন দিয়েছেন। একইসঙ্গে তিনি ভুল নাম ও বয়স উল্লেখ করে দায়ের হওয়া এফআইআর (FIR) প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
ভাইরাল ভিডিওতে ১৫ বছরের ওই নাবালিকা হাত জোড় করে প্রধানমন্ত্রী এবং দেশের মানুষের কাছে ক্ষমা চায়। সে জানায়, নিজের মন্তব্যের জন্য সে অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন ভুল আর করবে না।

সংবাদ সংস্থা পিটিআই (PTI)কে দেওয়া সাক্ষাৎকারে নাবালিকার মা বলেন, প্রধানমন্ত্রী এক কন্যাকে ক্ষমা করে উদারতার পরিচয় দিয়েছেন। তাঁর ভাষায়, ‘আজ আমার মেয়ের নতুন জীবন শুরু হল। প্রধানমন্ত্রী ওকে জীবনদান দিয়েছেন।’
তিনি আরও দাবি করেন, মামলায় অভিযুক্তের নাম ও বয়স ভুলভাবে উল্লেখ করা হয়েছে। তাঁর বক্তব্য, প্রকৃত অভিযুক্ত নাবালিকা হলেও নথিতে ২৫ বছর বয়সি রুচিকা সিংহের নাম লেখা হয়েছে। তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ভুল তথ্যের ভিত্তিতে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের ব্যবস্থা করা হোক।
এছাড়া ১৮ বছরের কম বয়সিদের জন্য সমাজমাধ্যম (Instagram, Facebook) ব্যবহারে নিষেধাজ্ঞারও দাবি তুলেছেন তিনি। তাঁর মতে, অল্পবয়সিরা সহজেই অন্যের প্রভাবে ভুল পথে পরিচালিত হতে পারে। তাই তাদের সমাজমাধ্যম থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করা প্রয়োজন।

এর আগে উত্তরপ্রদেশের নয়ডা পুলিশ (Noida Police) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে একটি ‘জিরো এফআইআর’ নথিভুক্ত করে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও বার্তায় বলেন, অপমানজনক ভাষা কোনও সমস্যার সমাধান নয়। পথভ্রষ্ট কিশোর-কিশোরীদের শাস্তির বদলে তাদের সঠিক পথ দেখানোই সমাজের দায়িত্ব। তিনি জানান, তিনি তাঁদের ক্ষমা করতে চান এবং সমাজকেও একই বার্তা গ্রহণের আহ্বান জানান।
ফের ভাইরাল হওয়া ভিডিওতে নাবালিকা নিজের ভুল স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং জানায়, এটি তার প্রথম ও শেষ ভুল।
