July 13, 2026
রাজ্য

চাকরি দুর্নীতি মামলায় মানস ভুঁইয়াকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ হাই কোর্টে

প্রতিনিধিত্বমূলক চিত্র

সংবাদ কলকাতা: চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়াকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে আদালত জানিয়ে দিয়েছে, আপাতত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আদালতের একাধিক শর্ত মেনে চলতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, মানস ভুঁইয়াকে নিয়মিত তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করতে হবে। পাশাপাশি নিজের পাসপোর্ট স্থানীয় থানায় জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না। এই শর্তগুলি কার্যকর থাকা পর্যন্তই তিনি গ্রেপ্তারি থেকে সুরক্ষা পাবেন।

চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সবং থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, মানস ভুঁইয়ার মধ্যস্থতায় পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তাঁর স্ত্রীর চাকরির ব্যবস্থা করা হয়েছিল। গত ১ মার্চ তিনি একটি বেসরকারি সংস্থার অধীনে ইরিগেশন বাংলোয় কাজে যোগ দেন এবং প্রথম মাসের বেতনও পান। কিন্তু কয়েক মাসের মধ্যেই তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরই প্রতারণার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হন ওই যুবক।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তের অগ্রগতি দেখে গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হওয়ায় মানস ভুঁইয়া কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এবং আগাম আইনি সুরক্ষার আবেদন জানান।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন মানস ভুঁইয়া। পরে তিনি তৃণমূল ছাড়ার ঘোষণা করেন। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ সামনে আসে। যদিও মানস ভুঁইয়া শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।

সোমবারের শুনানিতে হাই কোর্ট স্পষ্ট করে দিয়েছে, তদন্তে কোনওরকম অসহযোগিতা করা যাবে না। আদালতের আরোপিত শর্ত লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে দেওয়া এই অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহার করা হতে পারে। ফলে তদন্ত চলাকালীন মানস ভুঁইয়াকে আদালতের নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে।

Related posts

Leave a Comment