27 C
Kolkata
October 14, 2026
রাজ্য

শিলিগুড়ির আকাশে কাঞ্চনজঙ্ঘা, দেখা মিলল ঘুমন্ত বুদ্ধের

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: দীর্ঘদিনের বৃষ্টি ও মেঘের আড়াল সরিয়ে বুধবার সকালে পরিষ্কার আকাশে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga)। শরতের নীল আকাশে বরফে মোড়া পাহাড়ের সারি দেখে মুগ্ধ শিলিগুড়ির (Siliguri) বাসিন্দারা। কাঞ্চনজঙ্ঘার এই বিশেষ রূপ ‘ঘুমন্ত বুদ্ধ’ (Sleeping Buddha) নামে পরিচিত।

গত কয়েক মাস ধরে বর্ষা এবং একের পর এক নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের (North Bengal) আকাশে মেঘের দাপট ছিল। ফলে দার্জিলিং (Darjeeling) বেড়াতে গিয়েও বহু পর্যটক কাঞ্চনজঙ্ঘার দেখা পাননি। তবে গত কয়েক দিনে বৃষ্টি কমায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বুধবার সকাল থেকেই পরিষ্কার আকাশ এবং হালকা মনোরম হাওয়ায় পাহাড়ি পরিবেশ হয়ে ওঠে আরও উপভোগ্য।

পুজোর চতুর্থীর সকালে শিলিগুড়িবাসীর কাছে এই দৃশ্য ছিল বাড়তি আনন্দের। প্রাতঃভ্রমণে বেরিয়ে কিংবা কাজে যাওয়ার পথে অনেকেই থমকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করেন। কেউ ছবি তোলেন, কেউ ভিডিয়ো করে সেই মুহূর্ত ভাগ করে নেন সমাজমাধ্যমে।

স্থানীয়দের মতে, শিলিগুড়ি ও জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা সম্ভব হলেও বুধবারের মতো স্পষ্ট দৃশ্য সচরাচর মেলে না। শহরের বিভিন্ন উড়ালপুল থেকেও পাহাড়ের এই অপরূপ রূপ ক্যামেরাবন্দি করেন অনেকে।

শুধু শিলিগুড়ি নয়, কালিম্পং (Kalimpong) এবং উত্তরবঙ্গের আরও কয়েকটি এলাকা থেকেও এদিন দেখা যায় ‘ঘুমন্ত বুদ্ধ’কে। দার্জিলিংয়ে বেড়াতে যাওয়া পর্যটকরাও পরিষ্কার আকাশ ও মনোরম আবহাওয়া উপভোগ করছেন। শীতের আগমনের প্রস্তুতির মাঝেই কাঞ্চনজঙ্ঘার এই ঝলমলে রূপ পুজোর মরসুমে পাহাড়প্রেমীদের আনন্দ আরও বাড়িয়ে দিল।

Related posts

Leave a Comment