২২ মে, মুম্বই: অভিনেত্রী কঙ্গনা রানাউতের একটি ভিডিও ঘিরে তুমুল জল্পনা ছড়াল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে তাঁকে গোলাপি সালোয়ার, হাতে সবুজ চুড়ি ও গলায় মঙ্গলসূত্র পরে দেখা যায়। আর সেই মঙ্গলসূত্র দেখেই নেটদুনিয়ায় শুরু হয় গোপন বিয়ের গুঞ্জন।
ভিডিও ভাইরাল হতেই অনেকে দাবি করেন, কঙ্গনা নাকি চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন। কেউ আবার শুভেচ্ছাও জানাতে শুরু করেন অভিনেত্রীকে। যদিও অন্য একটি অংশের মত, এটি কোনও সিনেমার শুটিংয়ের লুক হতে পারে।
এখনও পর্যন্ত কঙ্গনা বা তাঁর টিমের তরফে বিয়ের বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। একাধিক বিনোদনমাধ্যমও জানিয়েছে, অভিনেত্রী বর্তমানে অবিবাহিত।
জানা গিয়েছে, কঙ্গনা এখন ‘কুইন ফরএভার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ২০১৪ সালের জনপ্রিয় ছবি ‘কুইন’-এর সিক্যুয়েল এই সিনেমায় ফের রানি মেহরার চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিতে চরিত্রের লুকের সঙ্গে মিল রেখেই অভিনেত্রীকে ঐতিহ্যবাহী সাজে দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে মুম্বইয়ের গ্রান্ট রোড এলাকায় ছবির শুটিং চলছে। সাংসদ হিসেবে রাজনৈতিক দায়িত্ব সামলানোর পাশাপাশি শুটিংয়েও ব্যস্ত রয়েছেন কঙ্গনা।
