ফলতা — ফলতা বিধানসভায় পুনর্ভোটের দিনও বেপাত্তা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। আর সেই আবহেই মুখ ঢেকে ভোট দিতে এসে নতুন করে জল্পনা বাড়ালেন তাঁর স্ত্রী। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে অবশ্য স্বল্প কথাতেই প্রতিক্রিয়া দেন তিনি।
বুধবার সকাল থেকেই ফলতায় কড়া নিরাপত্তার মধ্যে পুনর্ভোট শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ভোটগ্রহণ চলাকালীন রাজনৈতিক উত্তাপও ছিল চোখে পড়ার মতো। এরই মাঝে জাহাঙ্গির খানের অনুপস্থিতি নিয়ে শুরু হয় জোর চর্চা।
তৃণমূল প্রার্থীর স্ত্রীকে এ দিন একটি বুথে মুখ ঢেকে ভোট দিতে দেখা যায়। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘মানুষ ঠিক জবাব দেবে। আমরা ভোটের উপর ভরসা রাখছি।’
তবে জাহাঙ্গির কোথায়, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি তিনি। নিরাপত্তার কারণে মুখ ঢেকে বেরিয়েছেন বলেও ঘনিষ্ঠ মহলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ভোটের আগে জাহাঙ্গিরের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের হয়। পরে তিনি আদালতের দ্বারস্থ হয়ে রক্ষাকবচও পান। যদিও পুনর্ভোটের ঠিক আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। তবে মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ায় ইভিএমে তাঁর নাম থেকেই যায়।
ফলতার পুনর্ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীর কড়া টহল ছিল। নির্বাচন কমিশনের বিশেষ নজরেও রয়েছে এই কেন্দ্র।
রাজনৈতিক মহলের মতে, জাহাঙ্গিরকে ঘিরে বিতর্ক এবং তাঁর অনুপস্থিতি ফলতার ভোট রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
