33.1 C
Kolkata
June 6, 2026
রাজ্য

সরকারি দফতরে স্মার্ট মিটার বসানোর নির্দেশ, তিন সপ্তাহের সময় বেঁধে দিল রাজ্য সরকার

কলকাতা, ৬ জুন ২০২৬: রাজ্যের সমস্ত সরকারি দফতরে অবিলম্বে স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোর নির্দেশ দিল রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ অগ্রবালের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে সব সরকারি অফিসে স্মার্ট মিটার স্থাপনের কাজ সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি আগামী অগস্ট মাসের মধ্যে যাতে এই মিটারগুলি সম্পূর্ণভাবে চালু করা যায়, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

এই নির্দেশ রাজ্যের সমস্ত দফতরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলাশাসক এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, স্মার্ট মিটার বসানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তাদের নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।

রাজ্যের বিদ্যুৎ বণ্টন ব্যবস্থাকে আরও আধুনিক ও আর্থিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ‘রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম’ বা আরডিএসএস প্রকল্পের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সরকারি অফিসগুলিতে প্রিপেড স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক। স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।


উল্লেখ্য, বিদ্যুৎ পরিকাঠামোর আধুনিকীকরণের লক্ষ্যে স্মার্ট মিটার স্থাপনের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই রয়েছে। বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধির সংশোধনের পর ২০২৪ সালে প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতেও স্মার্ট মিটার প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। যদিও কিছু সময় এই প্রকল্পের গতি মন্থর হয়েছিল, বর্তমানে রাজ্য সরকার আবারও তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সরকারি দফতরগুলিতে এই কাজ সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে অন্যান্য ক্ষেত্রেও স্মার্ট মিটার ব্যবস্থার সম্প্রসারণ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।

Related posts

Leave a Comment