November 12, 2026
রাজ্য

অভিষেকের বাড়ির সামনে বুলডোজ়ার অভিযান

কলকাতা — তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বৃহস্পতিবার দফায় দফায় বুলডোজ়ার অভিযান চালাল কলকাতা পুরসভা। ফুটপাত দখল করে থাকা অস্থায়ী ছাউনি, লোহার গেট এবং শহিদবেদি সরিয়ে দেওয়া হল। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

বৃহস্পতিবার সকালে প্রথমে অভিষেকের বাড়ির সামনে থাকা বাঁশের অস্থায়ী ছাউনিটি ভেঙে ফেলা হয়। পুরসভার কর্মীরা বাঁশ সরিয়ে ফুটপাত পরিষ্কার করেন। এর পর বেলা ১১টা নাগাদ বুলডোজ়ার দিয়ে ভেঙে দেওয়া হয় একটি শহিদবেদি। সেখানে থাকা তৃণমূলের জোড়াফুল প্রতীক দেওয়া পতাকা খুলে নেওয়ার পর সিমেন্টের বেদি, লোহার দণ্ড এবং চারপাশের বেষ্টনী সরিয়ে ফেলা হয়।

অভিষেকের বাড়ির ফটকের বাইরে ফুটপাতের উপর বসানো একটি লোহার গেটও সরানো হয়েছে। গ্যাস কাটার দিয়ে সেটি কেটে ফেলা হয়। পুরসভার দাবি, ফুটপাত দখল করে এই সমস্ত কাঠামো তৈরি করা হয়েছিল।

এই অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক নিজেও। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘হাজার হাজার বুলডোজ়ার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।’ বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, বাংলাবিরোধী শক্তির কাছে তিনি মাথা নত করবেন না এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।

শহিদবেদি ভাঙার ঘটনায় সরব হয়েছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, শহিদদের শ্রদ্ধা জানানোর জায়গা ভাঙতে বুলডোজ়ার নামানো হচ্ছে। তাঁর অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি থেকেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও ফুটপাত দখলের অভিযোগকে কেন্দ্র করেই গত কয়েক দিন ধরে বিতর্ক চলছিল।

অভিষেকের বাড়ির সামনে থাকা অস্থায়ী ছাউনি নিয়ে বুধবারও উত্তেজনা তৈরি হয়েছিল। সে দিন সন্ধ্যায় পুলিশ সেখানে পৌঁছয়। কালীঘাট তৃণমূলের দাবি, ছাউনিটি সরানোর জন্যই পুলিশ এসেছিল। দলের মুখপাত্র অর্ক নাগ জানিয়েছিলেন, অভিষেক যখন জেড প্লাস নিরাপত্তা পেতেন, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বসার জন্য এই ছাউনি তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, ছাউনিটি পুলিশই তৈরি করেছিল।

পরবর্তী সময়ে অভিষেকের অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হলে ওই ছাউনির আর প্রয়োজন ছিল না। তাই তাঁর পক্ষ থেকেই সেটি সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান অর্ক। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাজ সম্পূর্ণ না হওয়ায় পুরসভার কর্মীরা এসে বাকি কাঠামো সরিয়ে দেন।

উল্লেখ্য, ১২১ কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনের ফুটপাত নিয়ে কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। গত শুক্রবার তাঁর জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরেও এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, ফুটপাতের উপর অস্থায়ী ছাউনি তৈরি হওয়ায় পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছিল। সেই বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার পুরসভার এই অভিযান নতুন করে রাজনৈতিক চাপানউতর তৈরি করল।

Related posts

Leave a Comment