30.2 C
Kolkata
June 28, 2026
দেশ

করাচি হামলা নিয়ে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

‘সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নিন’

দিল্লি, ২৮ জুন: করাচিতে (Karachi Attack) পাকিস্তান রেঞ্জার্সের শিবিরে হামলার ঘটনায় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। রবিবার কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ আনার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডে থাকা সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ব্যবস্থা নেওয়া।

বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, ‘করাচির সাম্প্রতিক ঘটনাকে ঘিরে পাকিস্তানের অভিযোগ আমরা দেখেছি। এই অভিযোগের কোনও ভিত্তি নেই। আমরা তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। অন্যের দিকে আঙুল না তুলে পাকিস্তানের উচিত নিজেদের দেশে গড়ে ওঠা সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদের ব্যবহার থেকে সরে আসা।’

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (ISPR) দাবি করেছিল, শনিবার করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের শিবিরে হামলা চালিয়েছে ভারতের মদতপুষ্ট ‘জামাতুল আহরার’ (Jamaatul Ahrar) জঙ্গিগোষ্ঠী। ভারতের বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুলিস্তান-ই-জওহর (Gulistan-i-Jauhar) এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের একটি শিবিরে হামলায় অন্তত তিন জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। হামলাকারীরা একটি গাড়ি নিয়ে শিবিরের মূল প্রবেশদ্বারে ধাক্কা দেয়। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন জন হামলাকারীও নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এর আগে চলতি বছরের মার্চ মাসেও আফগানিস্তান-পাকিস্তান (Afghanistan-Pakistan) সীমান্ত উত্তেজনার ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল ইসলামাবাদ। সেই সময়ও ভারত স্পষ্ট জানিয়েছিল, সীমান্ত পারাপার সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। বিদেশ মন্ত্রক তখনও মন্তব্য করেছিল, দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দেওয়া একটি দেশের অভিযোগে আন্তর্জাতিক মহল বিভ্রান্ত হবে না।

ভারতের মতে, সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়াই পাকিস্তানের প্রধান দায়িত্ব। অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে বাস্তব পরিস্থিতি থেকে নজর ঘোরানো সম্ভব নয় বলেও কেন্দ্রের অবস্থান স্পষ্ট।

Related posts

Leave a Comment