November 13, 2026
Uncategorized

আবাস দুর্নীতিতে কড়া শুভেন্দু, টাকা ফেরতের নির্দেশ

সংবাদ কলকাতা: সরকারি আবাস যোজনায় অনিয়ম ও দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অযোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা সরকারি আবাস প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে সেই অর্থ ফেরত দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমীক্ষায় চিহ্নিত ৫৭ হাজার অস্তিত্বহীন উপভোক্তার নামেও কীভাবে সরকারি অর্থ বরাদ্দ হল, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় কোনওভাবেই বরদাস্ত করা হবে না। শুধু উপভোক্তারাই নন, এই অনিয়মের সঙ্গে কোনও সরকারি আধিকারিকের যোগসূত্র পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ দিন নবান্ন সভাঘরে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সশরীরে উপস্থিত ১৮০ জন উপভোক্তার পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হওয়া রাজ্যের ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৪ হাজার ২০১.০২৬ কোটি টাকা পাঠানো হয়। প্রকৃত উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির অর্থ তুলে দেওয়ার পাশাপাশি প্রকল্পে দুর্নীতির বিষয়টিও সামনে আনেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ায় প্রায় ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অথচ তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রথম কিস্তির ৬০ হাজার টাকা জমা পড়েছে। তাঁদের মধ্যে প্রায় ১ হাজার জন ইতিমধ্যেই সেই অর্থ ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার জনকে ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারি নিয়ম অনুযায়ী যাঁরা বাড়ি পাওয়ার যোগ্য নন, তাঁদের হাতে কোনওভাবেই সরকারি অর্থ রাখা যাবে না।



এর থেকেও বড় অনিয়মের সন্ধান মিলেছে সমীক্ষায়। প্রায় ৫৭ হাজার এমন উপভোক্তার নাম উঠে এসেছে, যাঁদের বাস্তবে কোনও অস্তিত্ব নেই বলে অভিযোগ। মৃত কিংবা অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের নাম ব্যবহার করে কীভাবে সরকারি প্রকল্পের টাকা তোলা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পিছনে কারা রয়েছে, কারা তাঁদের নাম উপভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন, তা খতিয়ে দেখতে সিট গঠন করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, জনগণের করের টাকায় পরিচালিত সরকারি প্রকল্পে এই ধরনের অনিয়ম অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্তে কোনও সরকারি কর্মীর গাফিলতি কিংবা যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় পদক্ষেপ করা হবে। মুখ্যসচিব মনোজ অগ্রবালও জানিয়েছেন, যোগ্যতার মাপকাঠি লঙ্ঘন করে সরকারি সুবিধা নেওয়া দুর্নীতির শামিল। সরকার এ ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নেবে না।

এ ছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি ও সরকারি অর্থের অপচয় বন্ধ করতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা রাজ্যের দুর্নীতি দমন শাখাকেও ফের সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি প্রকৃত উপভোক্তাদের জন্য একাধিক বাড়তি সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আবাস প্রকল্পের উপভোক্তারা ‘বিকশিত ভারত জি রামজি’ প্রকল্পের মাধ্যমে ৯০ থেকে ৯৫ দিনের কাজের মজুরি বাবদ অতিরিক্ত ২৭ হাজার টাকা পাবেন। পাশাপাশি স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচালয় নির্মাণের জন্য দেওয়া হবে আরও ১২ হাজার টাকা। ফলে বাড়ি তৈরির জন্য সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার সুবিধা পাবেন উপভোক্তারা।

নির্মাণসামগ্রীর দাম নিয়ন্ত্রণেও বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। ইট ও বালির দাম যাতে অস্বাভাবিকভাবে না বাড়ে, সে জন্য জেলাশাসকদের নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তারা যাতে প্রতি হাজার থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে বালি কিনতে পারেন, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ দিনের বৈঠকে আবাস প্রকল্পের উপভোক্তাদের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আওতায় এনে সৌরবিদ্যুতের সুবিধা দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে ১০০ কিলোওয়াট ক্ষমতার জন্য ৩০ হাজার টাকা, ২০০ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩০০ কিলোওয়াটের জন্য ৭৮ হাজার টাকা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তুকির কথা জানানো হয়েছে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ১৫ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।


অন্যদিকে, ‘বিকশিত ভারত জি রামজি’ প্রকল্পের সুপারভাইজারদের দীর্ঘদিনের বেতনবৃদ্ধির দাবিও মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১ নভেম্বর থেকে বর্ধিত বেতন কার্যকর করার জন্য অর্থসচিবকে দ্রুত নির্দেশিকা জারি করতে বলা হয়েছে। পঞ্চায়েত স্তরে কাজের ক্ষেত্রে অসহযোগিতা বন্ধ করতে আইন সংশোধন করে সচিবদের গ্রাম সংসদ ডাকার ক্ষমতা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যে দ্রুত ৮ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে।

সরকারি আবাস প্রকল্পে একদিকে যেমন প্রকৃত উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির অর্থ পৌঁছে দেওয়ার কাজ চলছে, অন্যদিকে ভুয়ো উপভোক্তা ও অনিয়মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে রাজ্য সরকার। ৩০ নভেম্বরের সময়সীমা ঘিরে এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

Related posts

Leave a Comment