August 15, 2026
দেশ

শিরোনাম: ঝাড়খণ্ডে হত্যাকাণ্ডে রাজনৈতিক বিতর্ক, জামশেদপুর বন্‌ধের ডাক বিজেপির

ঝাড়খণ্ডের জামশেদপুরে হিমাংশু সিংহ হত্যাকাণ্ড ঘিরে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। পুলিশি গাফিলতির অভিযোগ তুলে অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা দায়েরের দাবি জানিয়ে আগামী ৩ জুলাই জামশেদপুর বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। এর আগে ২ জুলাই সন্ধ্যায় মশাল মিছিলও করবে দল।

বুধবার রাঁচিতে সাংবাদিক বৈঠকে বিজেপির ঝাড়খণ্ড সভাপতি আদিত্য সাহু অভিযোগ করেন, এটি শুধু একটি খুনের ঘটনা নয়, বরং আইনশৃঙ্খলা ও পুলিশের উপর মানুষের আস্থার উপর সরাসরি আঘাত। তিনি অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা, দ্রুত গ্রেফতার এবং ফাস্ট-ট্র্যাক আদালতে বিচারের দাবি জানান।

গত ২৭ জুন রাতে জামশেদপুরের বিস্তপুর এলাকার একটি পাবের বাইরে এই ঘটনা ঘটে। অভিযোগ, কয়েকজন যুবকের বিরুদ্ধে মহিলাদের হেনস্থার প্রতিবাদ করায় হিমাংশু সিংহের উপর হামলা হয়। প্রাণ বাঁচাতে তিনি পুলিশের পিসিআর গাড়িতে আশ্রয় নিলেও হামলাকারীরা তাঁকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ২৯ জুন তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর জনরোষের মুখে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পূর্ব সিংভূমের এসএসপি পীযূষ পাণ্ডে এবং সরাইকেলা-খরসাওয়ানের এসপি নিধি দ্বিবেদীকে সরিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিস্তপুর থানার ওসি-সহ চার পুলিশকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় ১০-১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে জামশেদপুরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশাসন সংশ্লিষ্ট পাবটিও সিল করে তদন্ত শুরু করেছে।

Related posts

Leave a Comment