হকার উচ্ছেদ নিয়ে জোর বিতর্কের মধ্যেই সাময়িক স্বস্তির খবর দিল হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি। সংগঠনের রাজ্য সভাপতি অসিত সাহা দাবি করেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে আগামী অক্টোবর, অর্থাৎ দুর্গাপুজো পর্যন্ত কোনও হকার উচ্ছেদ করা হবে না।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রেল ও রাজ্য সরকারের জমি দখলমুক্ত করার উদ্যোগ শুরু হয়। শিয়ালদহের শিশির মার্কেট, ধর্মতলার হগ মার্কেট-সহ একাধিক পুরনো বাজার এবং বিভিন্ন সেতুর নীচে থাকা দোকান ও বসবাসকারীদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়। কলেজ স্ট্রিটের ফুটপাতের দোকান নিয়েও জল্পনা তৈরি হলেও পরে তা খারিজ হয়।
হকার উচ্ছেদ ইস্যু আদালত পর্যন্ত গড়ায়। যদিও মামলা চলাকালীন একাধিক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে বহু দোকান ভেঙে দেওয়া হয়। পরে কলকাতা হাই কোর্ট ৩১ জুলাই পর্যন্ত হকার উচ্ছেদে স্থগিতাদেশ দেয়।
হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির দাবি, শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের বৈঠক হয়। সেই বৈঠকেই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে উৎসবের মরশুম শেষ না হওয়া পর্যন্ত কোনও হকারকে উচ্ছেদ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে রেলের জমিতে থাকা হকারদের বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের অধীন। তাই রেল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি।
