কলকাতা— ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে শনিবার নরওয়ের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কার মুখে ইংল্যান্ড। দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্ক গেহি এবং মিডফিল্ডার ডেকলান রাইসের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শেষ মুহূর্তের শারীরিক পরীক্ষার পরই জানা যাবে, তাঁরা গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন কি না।
শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্ক গেহি। সেই কারণেই তিনি দলের অনুশীলনে অংশ নিতে পারেননি। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে। পুরোপুরি অনুশীলনে ফিরতে না পারলে নরওয়ের বিরুদ্ধে তাঁর মাঠে নামা কঠিন হয়ে যাবে।অন্যদিকে, অসুস্থতার কারণে টানা দু’দিন দলের অনুশীলনে থাকতে পারেননি ডেকলান
ইংল্যান্ড শিবির আশা করছে, দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডার সময়মতো সুস্থ হয়ে উঠবেন।
তবে ইংল্যান্ড শিবিরে কিছুটা স্বস্তিও ফিরেছে। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বৃহস্পতিবার অনুশীলনে ফিরেছেন রিস জেমস। মেক্সিকোর বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে তিনি খেলতে পারেননি। তাঁর প্রত্যাবর্তন কোচ টমাস টুখেলের জন্য ইতিবাচক খবর।
তবু রক্ষণভাগ নিয়ে সমস্যার শেষ হয়নি। মেক্সিকো ম্যাচে লাল কার্ড দেখায় জারেল কোয়ানসা দুই ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন। ফলে রক্ষণ সাজাতে নতুন করে ভাবতে হচ্ছে টুখেলকে।
শনিবারের ম্যাচে ইংল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারেন নরওয়ের তারকা স্ট্রাইকার এরলিং হলান্ড। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই সাতটি গোল করেছেন তিনি। তাঁর গতি, শক্তি এবং গোল করার দক্ষতা ইংল্যান্ডের রক্ষণকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাবে।
এদিকে, কব্জির অস্ত্রোপচারের পর ইংল্যান্ড শিবিরে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। মেক্সিকোর বিরুদ্ধে জয়ের উচ্ছ্বাসে চোট পেয়েছিলেন তিনি। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে দলের সঙ্গেই রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই কোয়ার্টার ফাইনালের জয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইৎজ়ারল্যান্ডের মুখোমুখি হবে।
