32 C
Kolkata
September 30, 2026
রাজ্য

জন্মদিনের কেক কেটে শূন্যে গুলি, দুর্গাপুরে ভাইরাল ভিডিয়ো ঘিরে তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান— শুনশান রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে জন্মদিন পালন। গাড়ির বনেটে রাখা বড় কেক কেটে উৎসবের পরই শূন্যে গুলি চালানোর অভিযোগ। ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। ভিডিয়োটি সামনে আসার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েক জন যুবক রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে জন্মদিন পালন করছেন। সাদা শার্ট ও কালো ট্রাউজ়ার্স পরা এক যুবক গাড়ির বনেটে রাখা কেক কাটেন। তাঁর মাথায় ছিল ক্যাপ।

কেক কাটার পর ওই যুবকের হাতে একটি আগ্নেয়াস্ত্রের মতো বস্তু দেখা যায়। ভিডিয়োয় তাঁকে সেটি শূন্যের দিকে তুলে গুলি চালাতে দেখা যায় বলে পুলিশের কাছে অভিযোগ পৌঁছয়। এরপর তিনি সেটি এক বন্ধুর হাতে তুলে দেন। ওই যুবকও শূন্যে গুলি চালান বলে ভিডিয়োয় দেখা যায়।

ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর পুলিশ খোঁজখবর শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনাটি আসানসোলের হিরাপুর থানার নিউটাউন এলাকায় ঘটেছে। এরপর ভিডিয়োয় থাকা যুবকদের পরিচয় জানার চেষ্টা শুরু হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, কয়েক দিন আগে নিউটাউন এলাকায় বন্ধুর জন্মদিন পালন করার সময় শূন্যে গুলি চালানোর অভিযোগে ভিডিয়োটি ভাইরাল হয়। ভিডিয়োয় আগ্নেয়াস্ত্র হাতে যে যুবককে দেখা গিয়েছিল, তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

তবে ভিডিয়োয় দেখা অস্ত্রটি আসল কি না, তা এখনও নিশ্চিত নয়। পুলিশের প্রাথমিক অনুমান, সেটি খেলনা পিস্তলও হতে পারে। তদন্তকারীরা জানিয়েছেন, অস্ত্রটি উদ্ধার করার পরই বিষয়টি স্পষ্ট হবে।

ভিডিয়োটি কে তৈরি করেছিলেন, কারা সেখানে উপস্থিত ছিলেন এবং ওই অস্ত্র কোথা থেকে এল, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিডিয়োয় দেখা আগ্নেয়াস্ত্রটি প্রকৃত আগ্নেয়াস্ত্র ছিল কি না, তা নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না পুলিশ।

Related posts

Leave a Comment