কলকাতা— টানা বর্ষণের জেরে বদলে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুর্শিদাবাদ সফরের পরিকল্পনা। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি শুক্রবার সকালেও অব্যাহত থাকায় আকাশপথে যাওয়ার কর্মসূচি বাতিল করে সড়কপথেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দেন তিনি। প্রশাসন সূত্রে খবর, আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা অতিক্রম করে মুখ্যমন্ত্রীর কনভয় মুর্শিদাবাদের দিকে যায়। গোটা যাত্রাপথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশের একাধিক দল এবং প্রশাসনের আধিকারিকেরা কনভয়ের নিরাপত্তায় মোতায়েন ছিলেন।
মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সরকারি সফরে মুর্শিদাবাদ যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাঁর সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, বহরমপুরে পৌঁছে তিনি প্রথমে একটি হোটেলে দলের সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। এরপর রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে জেলার উন্নয়নমূলক প্রকল্প এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় পর্যালোচনা করবেন।
পরে রেজিনগরে একটি দলীয় সভাতেও ভাষণ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক মহলের মতে, এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, রেজিনগর আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতি বিধানসভায় হুমায়ুন কবীরের একটি মন্তব্যকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং আইন নিজের গতিতেই চলবে।
সেই আবহে রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি জেলার উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
previous post
