স্বাস্থ্যকর্মীদের বেতনবৃদ্ধির দাবি খতিয়ে দেখার আশ্বাস দিলেন অগ্নিমিত্রা পাল। তবে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, বর্তমানে স্বাস্থ্যকর্মীরা দিনে মাত্র ৩০৩ টাকা পারিশ্রমিক পান। তাঁদের বেতন বাড়ানোর চেষ্টা করবে সরকার।
অগ্নিমিত্রা বলেন, ‘ওঁরা দিনে মাত্র ৩০৩ টাকা পান। আমরা বেতন বৃদ্ধির চেষ্টা করব। কারও বেতন বন্ধ হয়নি। এই সরকারের আমলে কারও বেতন বন্ধ হবে না। বরং বাড়বে।’
তবে একই সঙ্গে রাজ্যের কোষাগারের অবস্থার কথাও মাথায় রাখতে হবে বলে জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রার কথায়, ‘রাজ্যের কোষাগারের হাল কী, তা দেখে সিদ্ধান্ত নিতে হবে। আগের সরকার দেনা করে গিয়েছে। আমরা মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দিচ্ছি। আরও অনেক প্রকল্প চলছে। রাজ্যের কোষাগারের অবস্থাও তো দেখতে হবে।’
স্বাস্থ্যকর্মীদের দাবি নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং রাজ্যের আর্থিক দায়—দুই দিক বিবেচনা করেই বেতনবৃদ্ধির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁর বক্তব্য।
