July 17, 2026
কলকাতা

বিমানবন্দর ৭ নম্বর গেট এলাকায় ১৬৩ ধারা জারি, সিদ্দিকুল্লা চৌধুরীর কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা

পুলিশে সঙ্গে কথা বলছেন সিদ্দিকুল্লা।

সংবাদ কলকাতা: বিমানবন্দরের ৭ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি মসজিদ ভাঙার অভিযোগকে কেন্দ্র করে সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে ঘোষিত প্রতিবাদ কর্মসূচির আগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করল বিধাননগর পুলিশ কমিশনারেট। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রুখতে ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, নির্দেশ কার্যকর থাকাকালীন এলাকায় কোনও ধরনের জমায়েত বা বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হবে না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভাব্য অশান্তি এড়াতে সকাল থেকেই গোটা এলাকায় কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের ২০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ মোড় ও সংবেদনশীল এলাকায় নিয়মিত টহল চালানো হবে।

বিধাননগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। তাই কোনও ব্যক্তি বা সংগঠনকে অনুমতি ছাড়া জমায়েত করতে দেওয়া হবে না।

পুলিশের পরিকল্পনা অনুযায়ী, সকাল ৬টা থেকেই অতিরিক্ত বাহিনী এলাকায় মোতায়েন থাকবে। যান চলাচল এবং সাধারণ মানুষের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি নজরদারি আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, বিমানবন্দরের ৭ নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি মসজিদ ভাঙার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে ঘিরে কোনও ধরনের উত্তেজনা বা সংঘর্ষের পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য আগাম প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আইন ভঙ্গের চেষ্টা বা নিষেধাজ্ঞা অমান্য করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

Leave a Comment