অতিরিক্ত বুকিং না করার আবেদন কেন্দ্রের
দিল্লি: রান্নার গ্যাস বুকিংয়ে এখন ডিজিটাল মাধ্যমের (Digital LPG Booking) উপরেই সবচেয়ে বেশি ভরসা করছেন সাধারণ মানুষ। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas) জানিয়েছে, বর্তমানে দেশের প্রায় ৯৫ শতাংশ গ্রাহক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে রান্নার গ্যাস বুক করছেন।
মন্ত্রকের তথ্য অনুযায়ী, স্বয়ংক্রিয় কল ব্যবস্থা (Auto Call System), ম্যাসেজ (SMS), মিসড কল (Missed Call), সরাসরি ফোন পরিষেবা এবং চলমান দূরভাষের প্রয়োগের (Mobile Application) মাধ্যমে সহজেই গ্যাস বুক করা যাচ্ছে। এর ফলে গ্যাস এজেন্সিগুলিতে ভিড়ও কমছে।
কেন্দ্রের দাবি, দেশে রান্নার গ্যাসের (LPG Cylinder) পর্যাপ্ত জোগান রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত গ্যাস বুক না করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি দায়িত্বশীলভাবে গ্যাস ব্যবহারেরও পরামর্শ দিয়েছে মন্ত্রক।
সরকারি মহলের মতে, ডিজিটাল ব্যবস্থার প্রসারের ফলে পরিষেবা দ্রুত হচ্ছে এবং গ্রাহকেরাও সুবিধা পাচ্ছেন। আগামী দিনে আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্যাস পরিষেবাকে উন্নত করার পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।
