May 14, 2026
টিভি-ও-সিনেমা

ঋষি কপূরের জন্যই প্রথম রোম্যান্টিক গানের শুটিংয়ে ভয় কাটে, স্মৃতিচারণ পদ্মিনী কোলহাপুরের

মুম্বাই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরে সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে হাজির হয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসলেন। বিশেষ করে অভিনেতা ঋষি কপূরের সঙ্গে তাঁর প্রথম রোম্যান্টিক গানের শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। অভিনেত্রীর কথায়, নায়িকা হিসেবে তাঁর প্রথম গানের দৃশ্যকে সহজ এবং স্বাভাবিক করে তুলেছিলেন ঋষি কপূরই।

আসন্ন পর্বে ‘পুছো না ইয়ার কেয়া হুয়া’ গানকে ঘিরেই তৈরি হয় বিশেষ মুহূর্ত। এই গানটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ভাগ করে নিতে গিয়ে পদ্মিনী জানান, নায়িকা হিসেবে এটি ছিল তাঁর প্রথম শুট করা গান এবং সেখানে তাঁর বিপরীতে ছিলেন ঋষি কপূর।

অভিনেত্রী বলেন, ‘নায়িকা হিসেবে প্রথমবার ঋষি কপূরজির সঙ্গে রোম্যান্টিক গানে অভিনয় করতে যাচ্ছিলাম। এর আগে অনেক ছবিতে কাজ করেছি ঠিকই, কিন্তু সেদিন আমি ভীষণ নার্ভাস ছিলাম। ভাবছিলাম, ঋষি কপূরের সঙ্গে এখন রোম্যান্টিক গান করতে হবে। কিন্তু ওঁর ব্যবহার এবং আন্তরিকতাই আমাকে খুব স্বস্তি দিয়েছিল।’

পদ্মিনী আরও জানান, ‘নসিব’ ছবির এই গানটির শুটিং হয়েছিল উটির মনোরম পরিবেশে। এখনও মানুষ এই গান এবং অ্যালবামের গানগুলি মনে রেখেছেন। ‘হোগা তুমসে প্যায়ারা কৌন’ এবং ‘জামানে কো দিখানা হ্যায়’-এর মতো গান আজও সমান জনপ্রিয়।’

‘ইন্ডিয়ান আইডল’-এর প্রতিযোগী অঙ্কিতা এবং অভিষেক যখন মঞ্চে নতুনভাবে গানটি পরিবেশন করেন, তখন সেই পুরনো স্মৃতি যেন আরও একবার জীবন্ত হয়ে ওঠে বলে জানান অভিনেত্রী।

এই প্রসঙ্গে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের কথাও বিশেষভাবে উল্লেখ করেন পদ্মিনী। তাঁর দাবি, আশা ভোঁসলে গান রেকর্ড করার আগে সবসময় নায়িকার চরিত্র এবং আবেগ বোঝার চেষ্টা করতেন। সেই কারণেই তাঁর গলায় গাওয়া গান এত বাস্তব মনে হত।

পদ্মিনীর কথায়, ‘আজও অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেন, ওই গানটা আমি নিজে গেয়েছিলাম কি না। “যশোমতী মাইয়া সে” গান নিয়েও একই প্রশ্ন শোনা যায়। আসলে আশা ভোঁসলের পর্যবেক্ষণ ক্ষমতা এতটাই অসাধারণ ছিল যে, তিনি নায়িকার আবেগ নিজের গলায় ফুটিয়ে তুলতে পারতেন।’

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফের উপস্থিত হয়ে পদ্মিনী বলেন, ‘এই মঞ্চে আসা মানেই বিশুদ্ধ সঙ্গীত আর আবেগের এক উদযাপনে ফিরে আসা। আশা ভোঁসলের অসাধারণ যাত্রাকে সম্মান জানানো মানে ভারতীয় সিনেমা এবং সঙ্গীতের সোনালি সময়কে আবার অনুভব করা।’

তিনি আরও বলেন, আশা ভোঁসলের গান শুধু সুর নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা আবেগ এবং স্মৃতি। তাই এই বিশেষ শ্রদ্ধার অনুষ্ঠানের অংশ হতে পেরে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

Related posts

Leave a Comment