সংবাদ কলকাতা, ১৭ নভেম্বর: আইপিএলে মহেন্দ্র সিংহ ধোনির খেলোয়াড়ি জীবনে কি ইতি? মঙ্গলবার আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে চেন্নাই সুপার কিংসের ঘোষণা ঘিরে ক্রিকেটমহলে তৈরি হয়েছে জল্পনা। আগামী মরসুমে আর ক্রিকেটার হিসেবে মাঠে নামবেন না ধোনি। তবে চেন্নাইয়ের হলুদ জার্সির সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। বরং নতুন ভূমিকায় দলের সঙ্গে যুক্ত থাকছেন মাহি। এবার থেকে চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে ধোনির নতুন দায়িত্বের কথা জানায় চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়েছে, দলের সঙ্গে ধোনির দীর্ঘদিনের সম্পর্ক আগামী দিনেও অটুট থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, ‘চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। অসংখ্য জয়, চ্যালেঞ্জ এবং স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। আমাদের যাত্রাপথের শুরু থেকেই তিনি হৃদয়ে রয়েছেন।’
আরও বলা হয়েছে, ‘চেন্নাইকে গর্বিত করা থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করা, সুপার কিংসের সঙ্গে থালা চিরকাল থাকবেন। চেন্নাই সব সময়ই তাঁর ঘর হয়ে থাকবে।’
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুম থেকেই চেন্নাইয়ের সঙ্গে যুক্ত ধোনি। তাঁর নেতৃত্বেই ফ্র্যাঞ্চাইজিটি একাধিক সাফল্য পেয়েছে। পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। ২০০৭ সালে ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন ধোনি। পরবর্তী সময়ে আইপিএলেও নিজের নেতৃত্ব, ঠান্ডা মাথা এবং ম্যাচ শেষ করার দক্ষতায় আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।
ধোনির নতুন দায়িত্ব নিয়ে আবেগঘন বক্তব্য রেখেছেন সিএসকে-র মালিক এন শ্রীনিবাসন। তাঁর কথায়, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে-র অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় এবং নানা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা একসঙ্গে এগিয়েছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পিছনে রয়েছে পারস্পরিক আস্থা। আমরা কখনও একে অপরকে নিয়ে প্রশ্ন তুলিনি।’
২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তের কথাও স্মরণ করেছেন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘সেই সময় আমি জোর দিয়েছিলাম, ধোনিকে সিএসকে-র অংশ হতেই হবে। পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে, সেটাই ছিল আমার নেওয়া অন্যতম সেরা সিদ্ধান্ত। শুধু দলের হয়ে ওর সাফল্যের জন্য নয়, মানুষ হিসেবে ধোনি যে রকম, তার জন্যও আমরা গর্বিত। ধোনি চিরকাল আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। চেন্নাই সব সময় ওর ঘর।’
সিএসকে-র অন্যতম মালিক রূপা গুরুনাথও ধোনির অবদানের কথা তুলে ধরেছেন। তাঁর মতে, ধোনির মতো ক্রিকেটার জীবনে একবারই পাওয়া যায়। দলের শুরু থেকেই তাঁর উপস্থিতি ফ্র্যাঞ্চাইজির সাফল্যের অন্যতম ভিত্তি তৈরি করেছে। মেন্টর হিসেবে ধোনির অভিজ্ঞতা আগামী দিনে দলের কাজে আসবে বলেও আশাবাদী তিনি।

রূপার কথায়, ‘এমএস মেন্টর হিসেবে সিএসকে পরিবারের অংশ হয়ে থাকবেন। তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের কাছে অমূল্য। বিশেষ করে দলের এই পরিবর্তনের সময়ে। দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। তাঁদের এগিয়ে নিয়ে যেতে ধোনির পরামর্শ ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
একই সুর শোনা গিয়েছে দলের ম্যানেজিং ডিরেক্টর কাশী বিশ্বনাথনের বক্তব্যেও। তাঁর মতে, ক্রিকেটার হিসেবে ধোনির সাফল্য যতই উল্লেখযোগ্য হোক, চেন্নাই শহরের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। ধোনি যেমন চেন্নাইকে আপন করে নিয়েছেন, তেমনই শহরের মানুষও তাঁকে নিজেদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছেন।
পরিসংখ্যানেও সিএসকে-র ইতিহাসে ধোনির অবদান স্পষ্ট। দলের হয়ে মোট ২৭২টি ম্যাচ খেলেছেন তিনি, যা ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক। ৫,৩১৪ রান করে চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ধোনি। তাঁর জনপ্রিয়তা শুধু চেন্নাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, গোটা আইপিএলের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি।
ধোনিকে দলে ধরে রাখার জন্য অতীতে আইপিএলের আনক্যাপড ক্রিকেটার সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল, চেন্নাই যাতে কম খরচে তাদের প্রিয় অধিনায়ককে দলে রাখতে পারে। এবার ক্রিকেটার হিসেবে নতুন মরসুমে তাঁকে দেখা না গেলেও মেন্টর হিসেবে তাঁর উপস্থিতি চেন্নাইয়ের কাছে বড় প্রাপ্তি। মাঠের বাইরে থেকে তরুণদের তৈরি করা এবং দলকে পরবর্তী সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়াই হতে চলেছে মাহির নতুন দায়িত্ব।
