32 C
Kolkata
June 1, 2026
রাজ্য

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ, শপথ নিলেন ৩৫ মন্ত্রী

সংবাদ কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা আরও সম্প্রসারিত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় সোমবার শপথ নিলেন ৩৫ জন নতুন মন্ত্রী। এর ফলে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াল ৪১।

রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। এদিন ১৩ জন মন্ত্রী পূর্ণ মন্ত্রীর মর্যাদায় শপথ নেন। পাশাপাশি ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবেও শপথ গ্রহণ করেন।

পূর্ণ মন্ত্রীর পদে শপথ নেওয়াদের মধ্যে রয়েছেন তাপস রায়, মনোজ কুমার ওরাওঁ, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শরদ্বত মুখোপাধ্যায়, অনুপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, জগন্নাথ চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ এবং দুধকুমার মণ্ডল।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডা. ইন্দ্রনীল খান, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক ডিন্ডা, নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘড়ামি, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার।

উল্লেখ্য, গত ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁর সঙ্গে পাঁচজন মন্ত্রীও শপথ নিয়েছিলেন। অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডুর মধ্যে দপ্তর বণ্টনও সম্পন্ন হয়েছিল।

সোমবারের শপথগ্রহণের মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হল বলে রাজনৈতিক মহলের একাংশের মত। নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলেও বিজেপি সূত্রের দাবি।

Related posts

Leave a Comment