সংবাদ কলকাতা: নন্দীগ্রামের ২০০৭ সালের অপারেশন সূর্যোদয়-কাণ্ডে ফের আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি জানিয়ে দিলেন, ওই ঘটনার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নতুন করে এগিয়ে নিয়ে যেতে তাঁর সরকার উদ্যোগী হবে। এ জন্য নতুন করে এফআইআর দায়ের করার কথাও ঘোষণা করেন তিনি। তাঁর নিশানায় রয়েছেন বাম আমলের চার নেতা। তালিকায় রয়েছে গোঘাটের অভয় ঘোষ, তালড্যাংরার মনোরঞ্জন পাত্র, গড়বেতার তপন ঘোষ এবং খেজুরির হিমাংশু দাসের নাম।
নন্দীগ্রামের গোকুলনগরে আয়োজিত অনুষ্ঠানে বাম আমলের হিংসার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ২০০৭ সালের ১০ নভেম্বরের ঘটনার পর সিআইডি তদন্ত হলেও বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হয়নি বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর কথায়, ‘নতুন করে এফআইআর করে এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বিচার না পাওয়া নন্দীগ্রামের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁর সরকারের লক্ষ্য।
উল্লেখ্য, ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। সেই মিছিলকে কেন্দ্র করে হামলার অভিযোগ ওঠে তৎকালীন শাসকদল সিপিএমের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি পরবর্তী সময়ে অপারেশন সূর্যোদয় নামে পরিচিতি পায়। ওই হিংসার ঘটনায় দু’জনের মৃত্যুর খবর সামনে আসে। পুলিশের নথিতে ১২ জনের নিখোঁজ থাকার কথাও উল্লেখ ছিল।
রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস পালন রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল ও বিজেপি পৃথক ভাবে এই দিনটি পালন করতে শুরু করে। ফলে শহিদ দিবসের কর্মসূচি ঘিরে দুই শিবিরের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতাও বেড়েছে। এ বারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশন সূর্যোদয়ের স্মৃতি তুলে ধরে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিনটিকে রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি হিসেবে উল্লেখ করেন।
মঙ্গলবারের সভায় শুভেন্দু দাবি করেন, নন্দীগ্রামের জমি আন্দোলন মূলত এলাকার সাধারণ মানুষের লড়াই ছিল। তৃণমূলের কোনও ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, আন্দোলনকারীদের উপর ভয়াবহ অত্যাচার চালানো হয়েছিল। ১১ জনকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁদের উপর নির্যাতন চালিয়ে দেহ সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ওই ব্যক্তিদের প্রথমে বারাতলা অঞ্চলের গ্রাম পঞ্চায়েত অফিসে রাখা হয়েছিল। পরে কামারদায় সিপিএমের পার্টি অফিসে নিয়ে গিয়ে তাঁদের উপর নৃশংস অত্যাচার চালানো হয়। এরপর দেহগুলি ব্যাগে ভরে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এই প্রসঙ্গে প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের নামও উল্লেখ করেন শুভেন্দু। তাঁর দাবি, ঘটনার তদন্তে সিআইডি পদক্ষেপ করেছিল এবং লক্ষ্মণ শেঠকে ১৮১ দিন জেলেও থাকতে হয়েছিল। কিন্তু এত বছর পরেও গোটা ঘটনার বিচার শেষ হয়নি। তাই এবার তাঁর সরকার এই মামলার বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ করার উদ্যোগ নেবে বলে জানান তিনি।
নন্দীগ্রাম আন্দোলনের শহিদ ও নিখোঁজদের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, ওই আন্দোলনে বহু পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। গুলিচালনায় শ্যামলী মান্না ও রেজাউল করিমের মতো মানুষের মৃত্যু হয়েছিল। অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন, আবার বহু মানুষের আর কোনও খোঁজ মেলেনি। তাঁর অভিযোগ, কয়েকজনের দেহ সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল। তপন ঘোষ, সুকুর আলি এবং বিশ্বনাথ দাসদের স্থানীয় মানুষ ধরে ফেলেছিলেন বলেও দাবি করেন তিনি। তবে ১১ জনের দেহ এখনও পাওয়া যায়নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণও শানান শুভেন্দু। গত বছর তাঁর করা রাজনৈতিক ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ২০২৬ সালে বিজেপি আবার ক্ষমতায় ফিরেছে এবং তৃণমূলের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটেছে। আগামী ১০০ বছরেও তৃণমূলকে ক্ষমতায় দেখা যাবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, নন্দীগ্রামের আন্দোলনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হলেও শহিদ ও নিখোঁজদের পরিবারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। এমনকি সংশ্লিষ্ট পরিবারগুলিকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও অবহেলা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, কলকাতা হাই কোর্টে মামলা করার পরেই ওই পরিবারগুলির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা সম্ভব হয়েছিল।
বক্তব্যের শেষ পর্বে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। ১০ নভেম্বরের ঘটনার পর বুদ্ধদেবের ‘দে হ্যাভ বিন পেড ইন দেয়ার ওন কয়েন’ মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেন তিনি। একই সঙ্গে বিমান বসুর নন্দীগ্রাম নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করেন। শুভেন্দুর দাবি, ১৯ বছর পরেও নন্দীগ্রামের মানুষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রশ্নে তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।
তবে নতুন করে এফআইআর দায়েরের ঘোষণা ঘিরে এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর উল্লেখ করা চার নেতার বিরুদ্ধে ঠিক কী অভিযোগে মামলা করা হবে এবং দীর্ঘদিন আগের ঘটনার তদন্ত কোন পথে এগোবে, তা-ই এখন দেখার।
