সংবাদ কলকাতা— সরকারি লিজ়প্রাপ্ত জমি ঘিরে অনিয়মের অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। তাঁর অভিযোগ, মহেশতলার জিনজিরা বাজার এলাকায় সরকারি জমি বেআইনি ভাবে বাণিজ্যিক ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে একাধিক জলাশয় ভরাট করে জমির চরিত্র পরিবর্তনেরও অভিযোগ তুলেছেন তিনি। পুরো ঘটনায় পুলিশি তদন্তের দাবি জানিয়ে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা।
অভিজিৎ দাসের দাবি, জিনজিরা বাজার এলাকায় প্রায় ৫২ বিঘা সরকারি লিজ়প্রাপ্ত জমি ঘিরে একাধিক অনিয়ম হয়েছে। অভিযোগ অনুযায়ী, ১৯৬৮ সালে একটি সংস্থাকে ৯৯ বছরের জন্য ওই জমি লিজ় দেওয়া হয়েছিল। লিজ়ের অন্যতম শর্ত ছিল সেখানে শিল্পকারখানার সম্প্রসারণ, স্থানীয় যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু ২০১৬ সালে সরকারি অনুমোদন ছাড়াই প্রশিক্ষণ সংক্রান্ত শর্ত বাতিল করে জমিটিকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তোলা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

বিজেপি নেতার আরও দাবি, ওই জমিতে সরকারি নথি অনুযায়ী ১১টি জলাশয় ছিল। কিন্তু ২০১৮-১৯ সালে ভুয়ো মেমো তৈরি করে জমির শ্রেণি পরিবর্তন করা হয়। তাঁর অভিযোগ, জলাশয়গুলিকে ‘বাস্তু’ জমি হিসেবে দেখিয়ে পরবর্তী সময়ে সেখানে একটি লজিস্টিক পার্ক নির্মাণ করা হয়েছে। এতে সরকারি নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি তাঁর।
অভিযোগে অভিজিৎ দাস দাবি করেছেন, এই পুরো ঘটনায় একটি বেসরকারি সংস্থা, কয়েক জন সরকারি আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা থাকতে পারে। অভিযোগপত্রে তিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেছেন। তাঁর দাবি, পদমর্যাদার প্রভাব খাটিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বেনিয়মে মদত দেওয়া হয়ে থাকতে পারে। তাই গোটা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এটি প্রথম নয়, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন অভিজিৎ দাস। সম্প্রতি ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য ভবন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি করোনাকালে ডায়মন্ড হারবারে কোভিড পরীক্ষার নামে অনিয়ম হয়েছে বলেও নতুন অভিযোগ করেছেন বিজেপি নেতা। তাঁর দাবি, ওই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল। এই অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায়ও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
