কোলাঘাট — রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র ডাকা প্রশাসনিক বৈঠকে হাজির হলেন লোকসভায় তৃণমূলের দুই বিদ্রোহী সাংসদ দেব এবং জুন মালিয়া। একই সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়ক শিউলি সাহা।
সম্প্রতি বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন স্পষ্ট হয়েছে। দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের বিরোধিতা করে একাংশের বিধায়ক পৃথক অবস্থান নিয়েছেন। তারই মধ্যে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলেও বিভাজনের ছবি সামনে এসেছে। রাজনৈতিক সূত্রের দাবি, বিদ্রোহী সাংসদরা গত কয়েক দিনে একাধিক বৈঠক করেছেন। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব-এর বাসভবন এবং সাংসদ শতাব্দী রায়-এর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকগুলি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
এই আবহেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে দেব, জুন মালিয়া এবং শিউলি সাহার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বৈঠকে প্রবেশের আগে শিউলি সাহা বলেন, ‘কী হয় দেখতে থাকুন।’ তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা ছড়িয়েছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, উন্নয়নমূলক কাজে গতি আনতে প্রশাসনিক বৈঠকে দলমত নির্বিশেষে নির্বাচিত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। সেই নীতিরই প্রতিফলন দেখা গেল কোলাঘাটের বৈঠকে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খন্ড সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজ পর্যালোচনার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
দেব ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ, জুন মালিয়া মেদিনীপুরের সাংসদ এবং শিউলি সাহা কেশপুরের বিধায়ক হওয়ায় সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁদের উপস্থিতি প্রশাসনিক বৈঠকের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।
