July 29, 2026
রাজ্য

বীরভূমে টাকার পাহাড়! টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে তল্লাশি, কোটি কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের দাবি

বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে পুলিশের তল্লাশিতে কোটি কোটি টাকা এবং বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার গভীর রাতে মহম্মদবাজারের দেউচা এলাকায় টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশিতে থরে থরে সাজানো নোটের বান্ডিল উদ্ধার হয় বলে জানা গিয়েছে। বিপুল পরিমাণ নগদ গণনার জন্য পাঁচটি নোট গোনার মেশিন আনা হয়েছে। উদ্ধার হওয়া টাকা সরানোর জন্য বড় বড় ট্রাঙ্কও নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, বিকেল পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা গণনা হয়েছে। তবে গণনার কাজ এখনও চলায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে। পাশাপাশি প্রায় ১৫ কেজি সোনাও উদ্ধার হয়েছে বলে দাবি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

এই ঘটনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সরকারি সম্পদ বা সাধারণ মানুষের টাকা লুট করে যাঁরা বিপুল সম্পত্তির মালিক হয়েছেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না। আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক হলেও পাথর ব্যবসার সঙ্গেও যুক্ত। টুলু মণ্ডলের একাধিক পাথর খাদানের কাজের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলে অভিযোগ। এত বিপুল নগদ ও সোনার উৎস কী, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

Leave a Comment