বীরভূম— পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আর্থিক লেনদেন নিয়ে তদন্তের মধ্যেই বীরভূমে অবৈধ পাথর খাদানের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করল জেলা প্রশাসন। শনিবার মহম্মদবাজার এবং রামপুরহাট এলাকার মোট আটটি পাথর খাদান বন্ধের নোটিস জারি করা হয়েছে। প্রশাসনের দাবি, প্রাথমিক তদন্তে এই খাদানগুলির বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। তাই আইন মেনেই সংশ্লিষ্ট মালিকদের খাদান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহম্মদবাজার ব্লকের দেওয়ানগঞ্জ মৌজায় টুলু মণ্ডলের আত্মীয় আপেল মোর্তাজার খাদানে নোটিস টাঙানো হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক আনন্দ বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। একই সঙ্গে মনোজ টুডু, শেখ করিবুল, সারতাজ মোল্লা, সুনীল সোরেন এবং শুভধন টুডুর খাদানেও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়াও চান্দা মৌজায় তারক টুডু ও অনিল কিস্কুর খাদান এবং হাটগাছা মৌজায় বুধন মারান্ডির খাদানেও অভিযান চালায় প্রশাসন। সংশ্লিষ্ট সব খাদানকেই অবৈধ হিসেবে চিহ্নিত করে বন্ধের নোটিস দেওয়া হয়েছে।
ন্যদিকে, রামপুরহাট-১ ব্লকেও পৃথক অভিযানে চারটি খাদানে নোটিস জারি করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুমন বিশ্বাসের নেতৃত্বে চাঁদপুর মৌজায় সাফাউদ্দিন শেখ, জসিমউদ্দিন শেখ এবং প্রিয়তোষ কর্মকারের খাদানে অভিযান চালানো হয়। পাশাপাশি একপাড়া মৌজায় মিলন শেখের খাদানেও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশ। কারণ, সম্প্রতি টুলু মণ্ডলের সঙ্গে যুক্ত আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু হওয়ার পর থেকেই বীরভূমের পাথর শিল্পে নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গত মাসেও মহম্মদবাজারের ন’টি খাদানে একই ধরনের নোটিস দেওয়া হয়েছিল। যদিও স্থানীয়দের অভিযোগ, সেই সময় কয়েকটি খাদানে নোটিস জারির পরেও কাজ চলতে দেখা গিয়েছিল। ফলে এবার প্রশাসন আইন কার্যকর করতে কতটা কঠোর ভূমিকা নেয়, সেদিকেই নজর রয়েছে।

উল্লেখ্য, টুলু মণ্ডল বর্তমানে দেশের বাইরে রয়েছেন বলে তদন্তকারী সংস্থার দাবি। সম্প্রতি তাঁর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও সোনা উদ্ধার হয়। পরে মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উদ্ধার হওয়া অর্থের উৎস এবং সম্ভাব্য আর্থিক অনিয়মের হদিশ খুঁজছেন তদন্তকারীরা। একই মামলায় নেপাল যাওয়ার পথে টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিমকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন আর্থিক লেনদেন এবং খাদানগুলির বৈধতা খতিয়ে দেখা হচ্ছে।
