কলকাতা, ২৪ মে: বাংলায় ধৃত বিদেশি নাগরিক ও মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দিদের জন্য প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিল শুভেন্দু অধিকারী সরকার। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে ২৩ মে এই নির্দেশিকা জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৫ সালের ২ মে জারি হওয়া নির্দেশিকার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জেলা শাসকদের কাছে পাঠানো নির্দেশে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের গ্রেপ্তারের পর তাঁদের রাখার জন্য পৃথক হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে।
সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, “অবৈধভাবে দেশে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গাদের গ্রেপ্তার ও প্রত্যাবাসনের প্রক্রিয়া দ্রুত কার্যকর করতে প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
এই কেন্দ্রগুলিতে রাখা হবে সেই সমস্ত বিদেশি নাগরিকদের, যাঁরা অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে ধৃত হয়েছেন অথবা জেল থেকে মুক্তি পাওয়ার পরও প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন।
কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের আদালতে না তুলে সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিতে। বৃহস্পতিবার পুলিশ ও আরপিএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, “হাওড়া স্টেশন বা অন্য কোথাও ধৃত অনুপ্রবেশকারীদের আদালতে পেশ না করে সরাসরি বিএসএফের সীমান্ত চৌকিতে পাঠানো হবে।”
তবে সরকার স্পষ্ট করেছে, উদ্বাস্তু কিংবা নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর আওতায় যাঁরা নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
রাজনৈতিক মহলের মতে, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারের এই পদক্ষেপ আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।
