30.3 C
Kolkata
June 16, 2026
কলকাতা

বেহালা বিমানবন্দরে ফের উড়ানের আশা, সংস্কারে উদ্যোগী রাজ্য সরকার

কলকাতা, ১৬ জুন: দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা বেহালা বিমানবন্দরকে ফের সচল করার উদ্যোগ শুরু হয়েছে। রাজ্যে শিল্প ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কলকাতার দ্বিতীয় বিমানবন্দর হিসেবে বেহালা বিমানবন্দরকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যেই বিমানবন্দর সংস্কার ও সম্ভাব্য পরিষেবা চালুর বিষয়ে সমীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে।

সূত্রের খবর, বেহালা পশ্চিমের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ড্রোন সমীক্ষার ব্যবস্থা করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছেও প্রয়োজনীয় পদক্ষেপের জন্য চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ও এই প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে।

১৯৪৭ সালে তৈরি হওয়া বেহালা বিমানবন্দরটি কলকাতার কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় ১.৪ কিলোমিটার দীর্ঘ রানওয়ে থাকা সত্ত্বেও বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এই বিমানক্ষেত্র। পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে এখান থেকে চার্টার্ড বিমান ও এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সূত্রে জানা গিয়েছে, সীমানা নির্ধারণ না হওয়া, প্রাচীরের অভাব এবং অবৈধ দখলের কারণে বিমানবন্দরের উন্নয়নমূলক কাজ এতদিন আটকে ছিল। বিমানবন্দর চালুর জন্য চারপাশে সুরক্ষিত সীমানা প্রাচীর নির্মাণ বাধ্যতামূলক। তাই প্রথম ধাপেই জমির সীমানা চিহ্নিতকরণ এবং প্রাচীর নির্মাণের কাজ শুরু হতে পারে।

একসময় পাইলট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিত বেহালা ফ্লাইং ক্লাব বর্তমানে কার্যত নিষ্ক্রিয়। মাঝে মধ্যে ব্যক্তিগত হেলিকপ্টার চলাচল ছাড়া নিয়মিত বিমান পরিষেবা নেই বললেই চলে। তবে নতুন উদ্যোগ সফল হলে কলকাতা আরও একটি কার্যকর বিমানবন্দর পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Related posts

Leave a Comment