34.1 C
Kolkata
July 8, 2026
রাজ্য

বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ড: পুলিশের এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি স্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। তাঁর মৃত্যুর পর স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন স্ত্রী চাঁপা মণ্ডল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বামী এই ধরনের অপরাধ করতে পারেন— এমনটা তিনি অবিশ্বাস করছেন না। একইসঙ্গে ছেলের কৃতকর্মের জন্যই এই পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রভাসের মা সন্ধ্যা মণ্ডলও।

সূত্রের খবর, বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় প্রভাস মণ্ডলের নাম সামনে আসার পরই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান চাঁপা মণ্ডল। সেখানেই তিনি স্বামীর মৃত্যুর খবর পান।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চাঁপা বলেন, “ও করেনি, এটা বলতে পারছি না। কারণ বিয়ের পর থেকেই ওর অনেক নোংরামো দেখেছি। অনেক অত্যাচার সহ্য করে সংসার করেছি। তাই মেনেই নিয়েছি, এই কাজ ও করেছে।”

পুলিশের গুলিতে প্রভাসের মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, “দোষ করেছে, তাই গুলি খেয়েছে। এতে বলার কিছু নেই।”

স্বামীর দেহ গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নের উত্তরে চাঁপা জানান, পরিবারের সদস্যরা যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেওয়া হবে।

অন্যদিকে, প্রভাসের মৃত্যুর খবর প্রথম পৌঁছায় তাঁর মা সন্ধ্যা মণ্ডলের কাছে। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ও যেমন কাজ করেছে, তার ফল পেয়েছে।” তিনি আরও জানান, ছেলের দেহ তিনি নেবেন না এবং তাঁর মুখও দেখতে চান না।

বুধবার পুলিশ প্রভাস মণ্ডলের দেহ শনাক্তকরণের জন্য তাঁর মা ও স্ত্রীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ পর্যন্ত দেহ গ্রহণের বিষয়ে পরিবারের কী সিদ্ধান্ত হবে, তা এখনও স্পষ্ট হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনায় নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট তদন্ত (Magisterial Enquiry) করা হবে।

Related posts

Leave a Comment