সংবাদ কলকাতা:— কলকাতার বড়বাজারে ঐতিহাসিক জগন্নাথ মন্দির সংলগ্ন ‘নবাব লেন’-এর নাম পরিবর্তনের দাবি উঠল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে রাস্তার নতুন নামকরণ করা হোক। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় কার্তিক মহারাজের হাতে একটি দাবিপত্রও তুলে দেন তাঁরা।
বড়বাজারের ওই এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন কার্তিক মহারাজ। সেখানেই স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর কাছে রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব দেন। তাঁদের বক্তব্য, এলাকায় ২০টিরও বেশি মন্দির রয়েছে। ফলে রাস্তার নামের ক্ষেত্রেও এলাকার দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
স্থানীয়দের তরফে দেওয়া দাবিপত্র গ্রহণ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন কার্তিক মহারাজ। তবে ‘নবাব লেন’-এর পরিবর্তে ঠিক কী নাম রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

রাস্তা ও এলাকার নাম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন কার্তিক মহারাজ। ফলে তাঁর কাছেই সরাসরি এই দাবি জানানো হয়েছে। স্থানীয়দের প্রস্তাব কমিটির আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা জানান, এর আগেও বিভিন্ন সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের তরফে ওই রাস্তার নাম পরিবর্তনের দাবি উঠেছে। তাঁর কথায়, একাধিক বার এমন প্রস্তাব তাঁর কাছেও এসেছে। নাম পরিবর্তন সংক্রান্ত কমিটি যদি তাঁর মতামত চায়, তা হলে তিনি নিজের বক্তব্য জানাবেন।

কলকাতায় রাস্তা ও এলাকার নাম পরিবর্তন নিয়ে এর আগেও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। কয়েক মাস আগে সুরাবর্দি সরণির নাম পরিবর্তন করে গোপাল মুখোপাধ্যায় সরণি করা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কও হয়েছিল।
এ ছাড়াও লেনিন সরণি, হো চি মিন সরণি এবং কার্ল মার্ক্স সরণির নাম পরিবর্তনের প্রস্তাব কার্তিক মহারাজের নেতৃত্বাধীন কমিটির কাছে জমা পড়েছে বলে পুরসভা সূত্রে খবর। ফলে আগামী দিনে কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম বদল নিয়ে আলোচনা হতে পারে।
